ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুমার নামাজের পর একটি মসজিদের ভেতরে ঢুকে হামলার ঘটনায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে মুসল্লিদের ওপর হামলার এই ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন জখম হয়েছেন।
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, চরজোকা গ্রামে দীর্ঘদিন ধরে দুইটি প্রভাবশালী সামাজিক গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন স্থানীয় বিএনপির সাবেক নেতা মিনহাজুল ইসলাম সাচ্চু, অন্য পক্ষের নেতৃত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দুলু।
সংঘর্ষের সূচনা হয় শুক্রবার দুপুরে, যখন মাঠে কাজ করার সময় লাল্টু শেখ নামে এক কৃষকের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে দুপুর দেড়টার দিকে এক পক্ষের সমর্থকরা চরজোকা পশ্চিমপাড়া মসজিদের সামনে জড়ো হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে অপর পক্ষের লোকজন মসজিদের ভেতরে আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় হামলাকারীরা মসজিদের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে নির্বিচারে কুপিয়ে হামলা চালায়।
এতে মোক্তার শেখ, দুলাল মণ্ডল ও রেজাউল শেখ গুরুতর আহত হন। তাদের মধ্যে মোক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মিনহাজুল ইসলাম সাচ্চু। তার দাবি, “প্রতিপক্ষ আগে হামলা চালায়। সংঘর্ষের সময় আহতরা মসজিদের ভেতরে ঢুকে থাকতে পারে।”
অন্যদিকে হাবিবুর রহমান দুলু বলেন, “এটি পূর্বপরিকল্পিত হামলা। আমাদের লোকজনকে লক্ষ্য করেই মসজিদের ভেতরে আক্রমণ করা হয়েছে।”
শ্রীপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, “সামাজিক বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পবিত্র ধর্মীয় স্থানে এ ধরনের সহিংসতার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহল বলছে, গ্রামীণ সামাজিক দ্বন্দ্ব সময়মতো নিরসন না হলে তা ক্রমেই সহিংস রূপ নিচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সামাজিক সম্প্রীতির জন্যও হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন এলাক...
পাবনা প্রতিনিধিঃ নানা আয়োজনে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লা...
লালমনিরহাট প্রতিনিধি: অ্যাভিয়েশন এন্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্য...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার বালাসীঘাট হতে বাহাদুরাবাদ ঘা...

মন্তব্য (০)