ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্প চালু হলে রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর যেতে সময় লাগবে মাত্র ৩৫ থেকে ৪০ মিনিট, এমনটাই জানানো হয়েছে জাতীয় সংসদে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী শেখ রবিউল আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
মন্ত্রী জানান, ঢাকা-১৮ এলাকার যানজট নিরসনে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক উন্নয়ন, বলাকা ভবন ও তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় সড়ক প্রশস্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে।
ঢাকা মেট্রোরেল-এর অংশ হিসেবে এমআরটি লাইন-১ এর কাজ চলছে। এয়ারপোর্ট থেকে কুড়িল পর্যন্ত এই লাইন চালু হলে রাজধানীর উত্তরাঞ্চলের যানজট অনেকটাই কমবে।
এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। এই সড়ককে ৮-লেনে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি ৮টি ফ্লাইওভার ও প্রায় ৪ দশমিক ৫ কিমি উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে মাত্র ৩৫-৪০ মিনিটেই এই রুট পাড়ি দেওয়া যাবে।
যাত্রীসেবার মান বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর মাধ্যমে ৩৪০টি সিএনজিচালিত একতলা এসি বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস চালু হলে উত্তরা, এয়ারপোর্ট ও খিলক্ষেত রুটে আধুনিক গণপরিবহন সুবিধা বাড়বে।
সরকারের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে শুধু ঢাকা-১৮ নয়, পুরো উত্তর ঢাকার যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত, আরামদায়ক ও যানজটমুক্ত হবে। প্রতিদিনের ভোগান্তি কমে নাগরিক জীবনেও আসবে স্বস্তি।
নিজস্ব প্রতিবেদক: সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ল...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াক...
নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব ন...
নিউজ ডেস্কঃ আগামী ২ মাস অন্তত পেট্রোল ও অকটনের সংকট হবে না ...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে...

মন্তব্য (০)