• লিড নিউজ
  • জাতীয়

কোনো এক ব্যক্তির নির্দেশে মুক্তিযুদ্ধ হয়নি: মির্জা ফখরুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো এক ব্যক্তির নির্দেশে মুক্তিযুদ্ধ হয়নি। সেদিন (১৯৭১ সালে) শেখ মুজিবুর রহমান বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্যবিমুড় হয়ে পড়েছিলেন তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শনিবার (৪ এপ্রিল) সকালে মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে সেদিন সেনা সদস্যরা এসে পরামর্শ চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনারা অস্ত্র সমর্পণ করবেন না। এরপর তিনি দুই শিশুপুত্রকে নিয়ে ঢাকায় চলে যান। সেখান থেকে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করে।

তিনি বলেন, এ তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল আতাউল গণি ওসমানীর নেতৃত্বে আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধ শুরু হয়। অথচ আওয়ামী লীগ ওসমানীকে কোনো মূল্যায়ন করেনি। এ ইতিহাস উপেক্ষিত হয়েছে। জনগণের সামনে এ ইতিহাস উপস্থিত হওয়া দরকার। অতীতের দিনগুলোতে এমএজি ওসমানীকে কখনও স্মরণ করা হয়নি।

মন্ত্রী বলেন, আমার খুব কষ্ট হয় যখন কিছুসংখ্যক রাজনীতিবিদ মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর চেষ্টা করেন। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, আমি তাদের পরিষ্কার করে বলতে চাই- মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, গর্ব, ঐতিহ্য, অস্তিত্ব।

জুলাই সংস্কার নিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে প্রশ্রয় দেয় না। এদেশে অনেক আন্দোলন হয়েছে। সবশেষে ২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। সেটি আমাদের গৌরবের আরও একটি ইতিহাস। আমরা সে জন্যই জুলাইযুদ্ধকে ধারণ করি। 

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছুসংখ্যক রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলতে চায়, বর্তমান বিএনপি জুলাইযুদ্ধকে স্বীকার করে না। এ রকম ঢাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা কোনোভাবেই স্বীকার করে নেওয়া যাবে না। 

তিনি বলেন, সংস্কার তো আমরা শুরু করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন। সর্বশেষ তারেক রহমান ২০২২ সালেই ৩১ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে সংস্কারের সবগুলো বিষয় তুলে ধরেছিলেন। আমরা সংস্কার চাই। সংস্কার বাস্তবায়ন করব। 

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ূন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক খান।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo