ফাইল ছবি
ঝিনাইদহ প্রতিনিধি : কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ জেলার পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন।
নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন (২৭) ও তাদের দুই শিশুকন্যা খাদিজা (৫) ও মরিয়ম (৩), একই উপজেলার ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) এবং ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের অনামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন।
জানা গেছে, ঈদুল ফিতরের নামাজ শেষে রবিবার ভোরে তারা ঝিনাইদহ থেকে মামুন পরিবহনের একটি বাসে করে নোয়াখালীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহতদের স্বজনরা জানান, বাসটির চালক ছিলেন পিন্টু হোসেন। তিনি ঢাকায় বদলি চালক হিসেবে নেমে যান। তার স্ত্রী ও দুই শিশু কন্যা ওই বাসেই নোয়াখালী যাচ্ছিলেন। দুর্ঘটনায় তারা নিহত হন।
পাতিবিলা গ্রামের শহিদুল ইসলাম বলেন, আমার ভাই পিন্টু বাস চালাতো। তার পরিবারকে নিয়ে নোয়াখালী যাচ্ছিল। ঢাকায় সে নেমে যায়, আর গাড়িতে ছিল তার স্ত্রী-সন্তানরা। এই দুর্ঘটনায় তারা সবাই মারা গেছে। আমরা কিছুতেই মানতে পারছি না।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে মাতম।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, গণমাধ্যমের মাধ্যমে তিনি ঘটনার বিষয়টি জেনেছেন। লাশ বাড়িতে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, দুর্ঘটনায় জেলায় পাঁচজন নিহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরদেহ বাড়িতে পৌঁছাতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
বেনাপোল প্রতিনিধি : ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৪ শিশুসহ ...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্...
লালমনিরহাট প্রতিনিধি: বুড়িমারী মহাসড়কে রয়েছে বিভিন্ন বনজ ...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীত...

মন্তব্য (০)