• সমগ্র বাংলা

টেকনাফ সীমান্তে মিয়ানমারের সংঘাত : ২৭ দিন অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন গুলিবিদ্ধ আফনান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর প্রাণ হারাল শিশুটি। 

হুজাইফার চাচা শওকত আলী জানান, ‘সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়।

প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুইদিন পর ১৩ জানুয়ারি বিকেলে মাথায় ঢুকে যাওয়া গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন,

‘হুজাইফার অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়।’

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টারশেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে। মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে সরকারি জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ওপারের এই গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে। টেকনাফের বিভিন্ন এলাকায় গোলার শব্দে ঘরবাড়ি কেঁপে উঠছে। পাশাপাশি ছোড়া গুলি এসে পড়ছে মানুষের বসতঘর, চিংড়িঘের ও নাফ নদীতে।

হুজাইফার মৃত্যুতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পৃথক বার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী গভীর শোক প্রকাশ করেন এবং হুজাইফার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo