• সমগ্র বাংলা

কালীগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি, ভোগান্তিতে সাধারণ রোগী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ চার বছর ধরে গাজীপুরের কালীগঞ্জে বসবাস করছেন সিরাজগঞ্জের ত্রিশোর্ধ্ব আব্দুল কাদের। স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত এই শ্রমিক রবিবার (৩০ নভেম্বর) সকালে অসুস্থ ষাটোর্ধ্ব মা জরিনা বেগমকে নিয়ে রক্ত দেওয়ার জন্য ডোনারসহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। রাতভর ডিউটি শেষে ভোরে মাকে নিয়ে হাসপাতালে আসেন তিনি। পরিকল্পনা ছিল রক্ত দেওয়ার পর বাসায় ফিরে কিছুটা বিশ্রাম নেবেন।

কিন্তু সকাল ৮টায় প্যাথলজি বিভাগের সামনে এসেই হতভম্ব হয়ে পড়েন-রুমের দরজায় ঝুলছে তালা। কর্মরতদের সবাই তখন বাইরে অবস্থান করছেন কর্মবিরতি কর্মসূচিতে। ফলে নিরুপায় হয়ে ফিরতে হয় আব্দুল কাদেরকে। সামনে আবার রাতের শিফটে কাজে যেতে হবে-চিন্তায় দিশেহারা তিনি।

একই চিত্র উপজেলার জামালপুর ইউনিয়নের চল্লিশোর্ধ্ব বাসিন্দা মামুন মিয়ার ক্ষেত্রেও। শরীরের প্রচণ্ড ব্যথা নিয়ে সকাল ৯টায় হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিলেও ওষুধ নিতে ফার্মেসির সামনে সাড়ে ৯টা থেকে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন তিনি। ফার্মেসির কর্মীরা কেউই ভিতরে নেই-সবাই ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার ২২১ নম্বর কক্ষের সামনে ডিজিটাল এক্সরে করাতে বহু রোগী ও স্বজনের জটলা। রুমের দরজাও তালাবদ্ধ। দীর্ঘ অপেক্ষা আর হতাশায় ক্ষুব্ধ হয়ে এক রোগী বলেন,

“কয়েকদিন পরপর আন্দোলন! শেষ ভোগান্তি তো আমাদেরই। সরকার দ্রুত সিদ্ধান্ত নিলে এই যন্ত্রণা আমাদের সহ্য করতে হতো না।”

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জানান, দীর্ঘদিন ধরে পেশাগত বৈষম্য নিরসন ও ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথে নেমেছেন।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ উপজেলা শাখার সমন্বয়কারী মো. হাফিজুর রহমান বলেন, “ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছি। দাবি মানা না হলে ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও সমাধান না এলে ৪ ডিসেম্বর পূর্ণ কর্মদিবস ‘কমপ্লিট শাটডাউন’-এর মাধ্যমে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

তিনি আরও জানান, কর্মসূচি চলাকালীন জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য বিভাগে সেবা কার্যক্রম সীমিত রাখা হয়েছে। পাশাপাশি দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ বলেন, “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে। তাদের আন্দোলনের কারণে কিছুটা সেবা বিঘ্নিত হলেও জরুরি সেবাকে অগ্রাধিকার দিয়ে চালু রাখা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং সবাইকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ার আহবান জানাচ্ছি।

আন্দোলনকারীরা আশা প্রকাশ করে জানান, সরকারের পক্ষ থেকে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত এলে তাঁদের কর্মসূচি প্রত্যাহার করা হবে এবং স্বাভাবিক সেবা কার্যক্রমে ফিরে যাবেন তাঁরা।

তবে ততদিন পর্যন্ত আন্দোলনের চাপে নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়ছে হাজারো সাধারণ রোগী-যাদের অনেকেই দিনমজুর, শ্রমজীবী কিংবা সামান্য আয়ের মানুষ। দাবি আদায়ের লড়াই আর জনভোগান্তির এই দ্বন্দ্বের দ্রুত নিষ্পত্তিই এখন কালীগঞ্জবাসীর প্রধান প্রত্যাশা।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo