• আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে স্টারলিংক ব্যবহার করেছে ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রো'ন হাম'লা চালাতে ইরান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে—এমন খবর জেনে ক্ষুব্ধ হয়েছিলেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। কুয়েতের পোর্ট শুয়াইবা সামরিক স্থাপনায় ওই হাম'লায় ছয় মার্কিন সেনা নি'হত হন।

এ ঘটনার পর স্টারলিংক টার্মিনাল বিক্রির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করে স্পেসএক্স। তবে ইরানের ভেতরে স্টারলিংক সেবা বন্ধ করা নিয়ে জটিলতায় রয়েছে প্রতিষ্ঠানটি। কারণ দেশটির সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করলেও সেই নিয়ন্ত্রণ এড়িয়ে যোগাযোগ চালিয়ে যেতে স্টারলিংক ব্যবহার করছেন সরকারবিরোধীরা।

স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে অনুমতি ছাড়া ইরানের স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পেরে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক প্রচণ্ড ক্ষুব্ধ হন। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা পোর্ট শুয়াইবায় ড্রোন হা'মলায় স্টারলিংক ব্যবহার করে ইরান সহায়তা পেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন।


তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন সামরিক কর্মকর্তারা সংবাদমাধ্যমটির কাছে মন্তব্য করতে রাজি হননি।

প্রতিবেদনে বলা হয়, ‘১ মার্চ পোর্ট শুয়াইবায় হামলার পরের কয়েক সপ্তাহে মাস্ক ও স্পেসএক্স স্টারলিংকের বিক্রয়ব্যবস্থায় আরও কিছু বিধিনিষেধ আরোপ করেন। এর উদ্দেশ্য ছিল, অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের হাতে যেন স্টারলিংক টার্মিনাল না পৌঁছায়। টার্মিনাল বিক্রেতাদের জন্য নতুন শর্তও চালু করা হয়। এখন থেকে কোনো গ্রাহক টার্মিনাল কিনে সেবা চালু করলে বিক্রেতাদের তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার প্রমাণ দিতে হবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের স্টারলিংক ব্যবহারের ঘটনায় মাস্ক বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ, এর মাত্র দুই মাস আগে রাশিয়া যাতে দূরপাল্লার ড্রোন পরিচালনায় স্টারলিংক টার্মিনাল ব্যবহার করতে না পারে, সে উদ্যোগ নিয়েছিলেন তিনি।

ইউক্রেনের পক্ষ থেকে দূরপাল্লার ড্রোনের ভিডিও দেখানোর পর স্টারলিংক ও স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেন মাস্ক। প্রযুক্তিটির অপব্যবহারের ঘটনায় তিনি স্পেসএক্সের দুজন নির্বাহী কর্মকর্তাকেও বরখাস্ত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চাইলে ইরানের ভেতরে থাকা যেকোনো স্টারলিংক টার্মিনাল বন্ধ করে দিতে পারেন মাস্ক। কিন্তু তেমন পদক্ষেপ নিলে ইরানের ইন্টারনেট নিয়ন্ত্রণ এড়িয়ে যোগাযোগ চালিয়ে যাওয়া সরকারবিরোধী ব্যক্তিদের সহায়তা করার বিষয়ে তার এবং ট্রাম্প প্রশাসনের যে আগ্রহ রয়েছে, তার সঙ্গে তা সাংঘর্ষিক হবে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে গত জানুয়ারিতে স্টারলিংক ব্যবহারের জন্য অতিরিক্ত কোনো খরচ না নেয়ার ঘোষণা দিয়েছিলেন মাস্ক।

ওয়াশিংটন ইনস্টিটিউট নামের গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ফেলো হলি ড্যাগরেস সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দেশের ভেতরে কী ঘটছে, তা ইরানিদের জানানোর একমাত্র উপায় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম।’

তিনি আরও বলেন, ‘আমার ধারণা, এ কারণেই ট্রাম্প প্রশাসন এই যোগাযোগব্যবস্থা বন্ধ করতে চায় না। সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া উন্মুক্ত তথ্যের মাধ্যমে ঘটনাস্থলের পরিস্থিতি বোঝা গুরুত্বপূর্ণ। কারণ তেহরানে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই এবং দেশটির ভেতরে সাংবাদিকেরা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারেন না।’

মন্তব্য (০)





  • company_logo