• আন্তর্জাতিক

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির পার্লামেন্টে বহুল আলোচিত শিক্ষা সংস্কার আইন অনুমোদিত হয়েছে। নতুন এই আইনে দেশটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে স্কুলের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার বিধান যুক্ত করা হয়েছে।


নতুন আইন অনুযায়ী, স্কুল চলাকালে কোনো শিক্ষার্থী মুখ ঢেকে রাখে এমন পোশাক পরতে পারবে না। এ নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো (প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। সংশ্লিষ্ট শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে তার বাবা-মা কিংবা আইনগত অভিভাবককে জরিমানার দায় নিতে হবে।

এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষায় দক্ষতা বাড়াতে ভাষা শেখার কোর্স চালুর ব্যবস্থাও রাখা হয়েছে।

গত ২৬ নভেম্বর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজ’-এ আইনটি পাস হয়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন সংসদ সদস্য ভোট দেন। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন চারজন।

এর আগে গত ২০ নভেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আইনটি অনুমোদিত হয়েছিল। নিম্নকক্ষেও পাস হওয়ার মধ্য দিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের সম্মতি পেল শিক্ষা সংস্কার আইনটি।


আইনটি পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু করা, ‘ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান’ (পিএনআরআর)-এর আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের ইতালির মূলধারার শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করা। সরকারিআদেশ দেখুন

নতুন বিধান অনুযায়ী, প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি সর্বোচ্চ ৩০ শতাংশ রাখা হবে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে না। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষার কোর্সের ব্যবস্থাও করা হয়েছে।

মেলোনির ঘোষণার পর শিক্ষা সংস্কারের উদ্যোগ
গত ২১ সেপ্টেম্বর মিলানে আয়োজিত এক জনসভায় প্রথমবারের মতো শিক্ষা সংস্কার আইনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।


সে সময় স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা ও নিকাব পরার বিষয়ে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহিত করা হবে না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলতে উদ্বুদ্ধ করে।

অন্যদিকে, স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি জানিয়েছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। একই সঙ্গে ইতালীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে সমস্যায় পড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করার বিষয়ও পরিকল্পনায় থাকবে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে। প্রায় দুই মাস পর পার্লামেন্টে চূড়ান্ত অনুমোদন পেল শিক্ষা সংস্কার আইনটি।

আইন নিয়ে বিরোধীদের সমালোচনা
নতুন আইন পাসের পর ইতালির বিরোধী দলগুলো এর কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, শিক্ষা খাতের প্রকৃত সমস্যাগুলো সমাধানে আইনটি কার্যকর ভূমিকা রাখতে পারবে না। বরং বিদেশি ও স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির ঝুঁকি বাড়াতে পারে এসব বিধান।


সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে

মন্তব্য (০)





image

ইরানি বাহিনীর গোলাবর্ষণের মুখে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধব...

১

ইরানের আকাশসীমার কাছে সতর্কতামূলক গু'লির মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে পালাতে বাধ্য হয়েছে যু...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

২

নিজস্ব ডেস্ক :  ফি'লি'স্তিনের অবরুদ্ধ গা'জা উপত্যকায় ভয়...

image

হ্যাকারদের কবলে মার্কিন বিমান বাহিনীর ‘ক্লাউড ওয়ান’

৩

নিজস্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর...

image

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ...

৪

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে...

image

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মো...

৫

নিজস্ব ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পা'র&#...

  • company_logo