• আন্তর্জাতিক

হ্যাকারদের কবলে মার্কিন বিমান বাহিনীর ‘ক্লাউড ওয়ান’

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এতে কৌশলগত পরিকল্পনা, কর্মীদের তথ্য এবং সরবরাহব্যবস্থাসংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন বিষয় সংশ্লিষ্ট তিন ব্যক্তি।

শুক্রবার (২৮ নভেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সংশ্লিষ্টারা জানান, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে কারিগরি উন্নয়নের কাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এ ঘটনার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ পরিসর কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষায় আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।

এদিকে, ২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন এক জায়গা থেকে পূরণ করা। এ জন্য মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের (গুগলের মূল প্রতিষ্ঠান) প্রযুক্তিগত সম্পদ একত্র করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য বহু অ্যাপ্লিকেশন পরিচালিত হয়। এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা। এর মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন এলাকার আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করা হয়।

এছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। এই ব্যবস্থায় বিশ্বের ২০০টিরও বেশি স্থানে মার্কিন বিমানবাহিনীর নিয়ন্ত্রণে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়। ২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। 

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও এসএআইসি কোনো জবাব দেয়নি। লেইডোস এ বিষয়ে প্রশ্নের জন্য বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে। দুটি সূত্রের ভাষ্য অনুযায়ী, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। একটি সূত্র বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেশ গুরুতর।’

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ডের’ সহায়তা নিয়েছেন বলে জানিয়েছেন একটি সূত্র। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাইবার কমান্ড কোনো জবাব দেয়নি।

হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। দুটি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও একজন ব্যক্তি জানান, প্ল্যাটফর্মটিতে প্রশাসনিক ও দাপ্তরিক অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম অগ্রাধিকার ছিল।


এছাড়া ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর আপডেট করার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।

ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হলেও বিমানবাহিনীর কর্মীরা সেগুলোর প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করতে পারছেন না।

পঞ্চম একটি সূত্র জানান, কয়েকজন ব্যবহারকারীর ‘অ্যাডমিন অ্যাক্সেস’ বাতিল করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তিই নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন। একটি সূত্র জানান, সাইবার হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের নিয়ন্ত্রণ স্তরে (কন্ট্রোল প্লেন) প্রবেশ করে। 

ওই সূত্র কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেন। কারণ, তাত্ত্বিকভাবে এই স্তরে প্রবেশের সুযোগ পেলে হামলাকারীরা সামরিক উড়োজাহাজের কার্যক্রম কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এই ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।

হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স। এ হামলার খবর এমন এক সময়ে সামনে এল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি বিশেষভাবে গুরুতর। কারণ, এআই মডেলগুলো দ্রুত বড় নেটওয়ার্কের বিভিন্ন দুর্বলতা শনাক্ত করতে পারে।

সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার ক্ষয়ক্ষতি সামাল দিতে হচ্ছে মার্কিন সরকারকে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ের ওপর দুটি হামলা, পেন্টাগনের ডেটাবেসে আগের একটি হ্যাকিং, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁসের সাম্প্রতিক ঘটনা, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং অর্থ মন্ত্রণালয়ে একটি সাইবার হামলা। দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু ক্লাউড ওয়ান।

২০২৩ সালে অনলাইন সংবাদমাধ্যম ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের ‘অবিশ্বাস্যসংখ্যক’ চেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে নিজেদের ‘শতভাগ সফল’ বলে দাবি করেছিলেন। তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই।’

মন্তব্য (০)





image

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

১

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির পার্লামেন্টে বহুল আলোচিত শিক্ষা সংস্কার আইন অ...

image

ইরানি বাহিনীর গোলাবর্ষণের মুখে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধব...

২

ইরানের আকাশসীমার কাছে সতর্কতামূলক গু'লির মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে পালাতে বাধ্য হয়েছে যু...

image

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী

৩

নিজস্ব ডেস্ক :  ফি'লি'স্তিনের অবরুদ্ধ গা'জা উপত্যকায় ভয়...

image

হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ...

৪

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে...

image

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মো...

৫

নিজস্ব ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পা'র&#...

  • company_logo