ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ঢাকায় বসছে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) কারিগরি পর্যায়ের বৈঠক।
রোববার (২২ নভেম্বর) শুরু হতে যাওয়া এ বৈঠকে গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ পরিমাপ, পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিনিময় করা হবে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ বৈঠক। এতে অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারতের প্রতিনিধিদল।
যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গঙ্গা নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করবে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে নদীটির পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। ফলে বিদ্যমান চুক্তির আওতায় এটিই দুই দেশের মধ্যে শেষ আনুষ্ঠানিক কারিগরি বৈঠক হতে যাচ্ছে।
তবে চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তি করার বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন। চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার এখতিয়ারও ভারতীয় প্রতিনিধিদলের নেই বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সেটি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। এমন পরিস্থিতিতে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, দুই দেশের রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
উজানে গঙ্গা নদীর ওপর ভারতের একাধিক বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যায়। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে।
এ অবস্থায় ভবিষ্যতে চুক্তি নবায়ন করা হলে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি উঠেছে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি করে। এর আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর পানিপ্রবাহ পরিমাপ ও বণ্টনের বিধান রয়েছে। চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমায় দুই দেশ পানির হিস্যা পেয়ে থাকে।
নিউজ ডেস্কঃ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠ...
নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্...
নিউজ ডেস্কঃ ঢাকার বাতাসে তুলনামূলক উন্নতি হয়েছে। গত দুই দিনে...
নিউজ ডেস্কঃ হাজং সম্প্রদায়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও হারান...
নিজস্ব ডেস্ক : ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে...

মন্তব্য (০)