• লিড নিউজ
  • অর্থনীতি

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।
‎
‎আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন।
‎
‎বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
‎
‎মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্য প্রদর্শন করছে। পাশাপাশি ইপিবির পৃথক স্টলে বাংলাদেশের রপ্তানি খাতের বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্য-উপাত্তভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য তুলে ধরা হচ্ছে।
‎
‎প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার বাজারে দেশীয় পণ্যের পরিচিতি ও প্রবেশাধিকার বাড়ানো, নতুন আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতা, উৎপাদক, সরবরাহকারী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন রপ্তানি বাজার অনুসন্ধানের সুযোগ তৈরি করা।
‎
‎আজ সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সিলর রনি চাকমা উপস্থিত ছিলেন।
‎
‎এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং মেলার আয়োজকেরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
‎
‎প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন বাণিজ্যিক কাউন্সিলর রনি চাকমা। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা বাংলাদেশের রপ্তানি খাত সম্পর্কে ধারণা লাভ করেন।
‎
‎সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে নতুন ক্রেতা সৃষ্টি, রপ্তানি আদেশ অর্জন এবং অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
‎
‎দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণে ইপিবির সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





  • company_logo