• লিড নিউজ
  • অর্থনীতি

‎চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও স্পষ্ট হয়েছে।
‎
‎বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ছয়টি উপসাগরীয় দেশ থেকে এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার।
‎
‎দেশভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে। চার মাসে দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।
‎
‎দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার, যা মোট আয়ের ৯ শতাংশ। এ ছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার (৫ দশমিক ৪ শতাংশ), ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার (৪ দশমিক ৮ শতাংশ), কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার (৪ দশমিক ৩ শতাংশ) এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ২ শতাংশ) এসেছে।
‎
‎মাসভিত্তিক পরিসংখ্যানেও উপসাগরীয় দেশগুলোর ধারাবাহিক অবদান দেখা গেছে। জুলাই মাসে দেশ ছয়টি থেকে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার, যা ওই মাসের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ। আগস্টে এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ।
‎
‎সেপ্টেম্বরে এ ছয় দেশ থেকে প্রবাসী আয় এসেছে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার, যা ওই মাসের মোট আয়ের ৪৫ দশমিক ১ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলারে, যা মাসটির মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ।
‎
‎অর্থাৎ, টানা চার মাসেই বাংলাদেশের মোট প্রবাসী আয়ের ৪২ শতাংশের বেশি এসেছে এই ছয় দেশ থেকে। এতে দেশের বৈদেশিক মুদ্রার জোগানে উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের বিষয়টি উঠে এসেছে।
‎
‎প্রবাসী আয়ের অন্যান্য বড় উৎসের মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার, যা মোট আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ২ শতাংশ। এ ছাড়া মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার (৭ দশমিক ৯ শতাংশ) এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার (৬ দশমিক ৭ শতাংশ) এসেছে।
‎
‎এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসস’কে বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় আসার বিষয়টি ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরেছে।
‎
‎তিনি বলেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। একই সঙ্গে এটি প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার ওপর ক্রমেই বেশি আস্থা রাখছেন।
‎
‎প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হচ্ছে।
‎
‎আরিফ হোসেন খান বলেন, ‘প্রবাসী আয়ের বৃদ্ধি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার ওপর আস্থার ইতিবাচক ইঙ্গিত।’
‎
‎তিনি আরও বলেন, প্রবাসী আয় পাঠানোর সুযোগ সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নত করা এবং আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রাবাজারকে শক্তিশালী করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।
‎
‎বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, তাদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
‎
‎তার আশা, প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ দেশের লেনদেনের ভারসাম্য উন্নত করবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং বৈদেশিক খাতে আরও স্থিতিশীলতা আনবে।
‎
‎এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের প্রবাসী নিজাম উদ্দিন ভূঁইয়া সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
‎
‎তিনি বলেন, দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রবাসীদের জন্য সহায়ক হচ্ছে।
‎
‎তবে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের দেশে অর্থ পাঠানোর সক্ষমতা অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট দেশে কর্মসংস্থানের সুযোগ, আয়ের পরিমাণ ও জীবনযাত্রার ব্যয়ের ওপর।
‎
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান বলেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে বৈচিত্র্য আনতে হবে। একই সঙ্গে কর্মীদের দক্ষতা বাড়ানো এবং নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান করা জরুরি। এতে সীমিত কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও কমবে।
‎
‎তিনি বলেন, ‘প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করছে, দেশের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াচ্ছে এবং বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করছে।’

মন্তব্য (০)





  • company_logo