• লিড নিউজ
  • জাতীয়

২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার কিলোমিটার খাল-নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার: সাইমুম পারভেজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর, ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার কিলোমিটার খাল-নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার। বর্জ্য উৎপাদন হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ পদ্ধতি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

‎তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস: বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
‎
‎ড. সাইমুম পারভেজ বলেন, ‘পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য উৎপাদন হ্রাস এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বর্জ্য উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য উপকরণ পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পদের অপচয় রোধে থ্রি আর পদ্ধতির কার্যকর প্রয়োগ ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
‎
‎তিনি সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগ তুলে ধরে বলেন, ‘এসব কার্যক্রম সবুজ আচ্ছাদন বৃদ্ধি, প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
‎
‎অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২০২৬-২০৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করা হয়।
‎
‎অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, সবুজ দক্ষতা ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ইউনেসকো চেয়ার অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী।
‎
‎অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের কো-চেয়ার প্রিন্সেস আবির এস বিন ফারহান আল সৌদ এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট প্যাক্ট অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ান ক্লাওয়ার্স।
‎
‎এছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক পরিচালক সুজিত হাওলাদার এবং প্রশাসন ও অর্থবিষয়ক সহকারী পরিচালক মো. ইউসুফ মেহেদী আলোচনায় অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





  • company_logo