• জাতীয়

গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক:  মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথানত করেননি এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তারা কখনো অন্যায়ের কাছে আপস করেননি।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, যারা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে এবং বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের রাজনীতিতে জায়গা দেবে না।

গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাড়িতে আগুন দেওয়ার মতো কাজ কোনো রাজনৈতিক দল করতে পারে না। এ অপশক্তি যাতে কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসতে না পারে, সেই ব্যাপারে পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। এর আগে বিএনপির পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

এদিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই সন্তোষে তার মাজার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। এ সময় ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।

মন্তব্য (০)





  • company_logo