• আন্তর্জাতিক

যুদ্ধের ছয় মাসে হরমুজে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

গত শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে সংস্থাটির মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এ তথ্য তুলে ধরেন। চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত হতাহতের এ হিসাব পাওয়া গেছে বলে জানান তিনি।

খালেদ খিয়ারি বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে সবচেয়ে বেশি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক বাস্তবতা হিসেবে মেনে নেওয়া যায় না। অঞ্চলটিতে অবাধ ও স্বাভাবিক নৌ চলাচল পুরোপুরি পুনরুদ্ধার করতে হবে।


জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত জলসীমায় জাহাজকেন্দ্রিক ১৩৬টি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরের প্রথম ১১ দিনে ১০টি ঘটনা ঘটেছে।

খালেদ খিয়ারি বলেন, প্রতিদিনই নতুন নতুন সামুদ্রিক ঘটনার খবর আসছে। এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানকে কখনোই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়।

জাতিসংঘের এই সতর্কবার্তার মধ্যেই শনিবার ইরানি কর্তৃপক্ষ জানায়, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়।

ইরান জানিয়েছে, যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য দেশটির অনুমোদন নিতে হবে। নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী ট্যাংকারকে নৌমাইনের মাধ্যমে আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা হরমুজ প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রয়েছে।

তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

জাতিসংঘের সহকারী মহাসচিব সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক পরিস্থিতি ব্যয়বহুল, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নৌ চলাচলে বিঘ্নের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। বাড়ছে জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয়। এর ফলে মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে এবং সার পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

মন্তব্য (০)





image

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধান...

১

আন্তর্জাতিক ডেস্ক :  জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ...

image

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমা...

২

নিউজ ডেস্কঃ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা &lsq...

image

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার...

image

মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, ...

৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে...

image

যুদ্ধের ছয় মাসে হরমুজে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে ...

  • company_logo