• লিড নিউজ
  • জাতীয়

যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতি মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাধর্মী শিল্প যাত্রাপালা ও সার্কাসের হারানো ঐতিহ্য ও জনপ্রিয়তা পুনরুজ্জীবিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এ শিল্পের সঙ্গে শুধু শিল্পী ও কলাকুশলীরাই নন, বরং বাদ্যযন্ত্রশিল্পী, উদ্যোক্তা, আয়োজক এবং মেলাকেন্দ্রিক বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীও সম্পৃক্ত। ফলে যাত্রাপালা ও সার্কাসের বিকাশের সঙ্গে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বহু মানুষের জীবিকা ও কর্মসংস্থানের বিষয়টিও জড়িত।

আজ (১১ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘পরিবেশনাধর্মী শিল্প: সার্কাস ও যাত্রাপালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, প্রধানমন্ত্রীর পলিসি  অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

মন্ত্রী বলেন, একসময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়িক উদ্যোগে যাত্রাদল গড়ে উঠত। গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা ও সার্কাস। কিন্তু সময়ের পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার এবং বিনোদনের বহুমাত্রিক সুযোগ সৃষ্টির ফলে এসব শিল্পের প্রতি মানুষের আগ্রহ ও আকর্ষণ কমেছে। পাশাপাশি যাত্রাপালায় কিছু ক্ষেত্রে অরুচিকর উপস্থাপনা ও নৃত্যের সংযোজনের কারণে পারিবারিক পরিবেশে এ শিল্প উপভোগের সুযোগ সংকুচিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জীবনঘনিষ্ঠ, সংগ্রামমুখর, সমাজসচেতনতামূলক ও মানসম্মত যাত্রাপালা এবং সার্কাস চর্চায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যাত্রাপালা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। আগামী ডিসেম্বর মাসে দেশের সব জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।আগামী ডিসেম্বর মাসে দেশের সব জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব উৎসবে ইতিবাচক ও সৃজনশীলভাবে অংশগ্রহণের লক্ষ্যে উপস্থিত যাত্রা ও সার্কাস দলের প্রতিনিধিদের আগামী পাঁচ দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর পলিসি  অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সবার জন্য সুস্থ ও মানসম্মত বিনোদন নিশ্চিত করতে সরকার কাজ করছে। যাত্রাপালা ও সার্কাস আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দিয়ে একটি বিশেষ সেল গঠনের প্রস্তাব করেন তিনি। যাতে অনুমতি সংক্রান্ত কোন জটিলতা দেখা দিলে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, যাত্রাপালা ও সার্কাসকে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। রুচিশীল, সৃজনশীল ও কাহিনিনির্ভর পরিবেশনা নিশ্চিত করতে হবে, যাতে পরিবারের সব বয়সী সদস্য একসঙ্গে এসব আয়োজন উপভোগ করতে পারেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা: হারুন অর রশিদের সঞ্চালনায়  কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈলান।

কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি খ্যাতনামা যাত্রাদল এবং ১২টি সার্কাস দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কর্মশালায় আলোচনা হয়।
কর্মশালাটি দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও সার্কাস শিল্পের সংকট চিহ্নিতকরণ, সম্ভাবনা অনুসন্ধান এবং এ শিল্পের টেকসই বিকাশে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা  করা হয়।

মন্তব্য (০)





  • company_logo