• আন্তর্জাতিক

ট্রাম্প কার্ডে ব্যর্থ পাকিস্তান, লবিং কূটনীতিতে মরীচিকা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সামরিক বাহিনীনির্ভর হাইব্রিড সরকার ডোনাল্ড ট্রাম্পকে আকৃষ্ট করতে সম্ভাব্য প্রায় সব ধরনের উদ্যোগই নিয়েছে। এর মধ্যে ছিল ট্রাম্প পরিবারের সদস্যদের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি–সংক্রান্ত চুক্তির উদ্যোগ এবং হোয়াইট হাউসে দেশটির বিরল মৃত্তিকা খনিজ সম্পদের সম্ভাবনা তুলে ধরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পের প্রশংসা করতে কোনো কমতি রাখেননি। ইরানবিষয়ক গ্লোবাল পিস সামিট থেকে শুরু করে গাজা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংঘাত ও ইস্যু নিয়ে আলোচনায় শরিফ বারবার ট্রাম্পের প্রশংসা করেছেন। এর মাধ্যমে তিনি আপাতদৃষ্টিতে ট্রাম্পের সদিচ্ছা অর্জনের চেষ্টা করেছেন।

এ ছাড়া ওয়াশিংটনে রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রে বিভিন্ন লবিং প্রতিষ্ঠান নিয়োগ করেছে এবং বিপুল অর্থ ব্যয় করেছে। এসব উদ্যোগের পেছনে ছিল ব্যক্তিগত কূটনীতি ও লেনদেননির্ভর যোগাযোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের আনুকূল্য অর্জন এবং নিজেদের স্বার্থ এগিয়ে নেওয়ার বৃহত্তর কৌশল।
প্রভাব বিস্তারে কোটি কোটি ডলার, বিনিময়ে সামান্য প্রাপ্তি
লবিংয়ের ব্যাপক উদ্যোগের অংশ হিসেবে ওয়াশিংটনের ছয়টি বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে প্রায় ৫০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেয় ইসলামাবাদ। এসব চুক্তির মধ্যে ছিল সাইডেন ল-এর সঙ্গে মাসে ২ লাখ ডলারের একটি চুক্তি। প্রতিষ্ঠানটি জ্যাভেলিন অ্যাডভাইজরসকে উপঠিকাদার হিসেবে নিয়োগ দিয়েছিল। জ্যাভেলিন অ্যাডভাইজরসের সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক নির্বাহী জর্জ সোরিয়াল এবং ট্রাম্পের সাবেক দেহরক্ষী ও ওভাল অফিসের কার্যক্রমবিষয়ক সাবেক পরিচালক কিথ শিলার।

একই সময়ে অর্কিড অ্যাডভাইজরসের সঙ্গে আরেকটি চুক্তি করা হয়। প্রতিষ্ঠানটি উপঠিকাদার হিসেবে প্রভাবশালী প্রতিষ্ঠান স্কয়ার প্যাটন বগসকে নিয়োগ দিয়েছিল। এই চুক্তির লক্ষ্যও ছিল ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বলয়ে প্রভাব বিস্তার করা।

প্রাথমিক এসব চুক্তির মেয়াদ শেষ হলেও শাহবাজ শরিফের সরকার ২০২৬ সালের ১ মে নতুন করে উদ্যোগ নেয়। ওই দিন পাকিস্তানি দূতাবাসকে এরভিন গ্রেভস স্ট্র্যাটেজি গ্রুপ এলএলসির সঙ্গে কয়েক বছর মেয়াদি ১২ লাখ ডলারের একটি নতুন চুক্তিতে আবদ্ধ করা হয়। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন রিপাবলিকান পার্টির সাবেক কংগ্রেস সদস্য টম গ্রেভস। পেন্টাগন ও ক্যাপিটল হিলে ইসলামাবাদের কৌশলগত অবস্থান ও বক্তব্য তুলে ধরাই এই চুক্তির উদ্দেশ্য।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণসহায়তার প্যাকেজের ওপর নির্ভরশীল, বিদেশি ঋণের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং বারবার অর্থনৈতিক সংকটের মুখে পড়া একটি দেশের জন্য ওয়াশিংটনে লবিংয়ের পেছনে লাখ লাখ ডলার ব্যয়ের বিষয়টি সরকারের অগ্রাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিদেশি আনুকূল্য অর্জনের জন্য সীমিত জাতীয় সম্পদ অন্য খাতে ব্যয় করতে সরকারের আগ্রহ নিয়েও প্রশ্ন উঠেছে।

ট্রাম্প পরিবারের সদস্যদের সম্পৃক্ততায় ক্রিপ্টোকারেন্সি–সংক্রান্ত ব্যবস্থাগুলোও বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ট্রাম্প পরিবারের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান এসসি ফিন্যান্সিয়াল টেকনোলজিসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এর আওতায় আন্তসীমান্ত লেনদেন ও প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে মার্কিন ডলারের সঙ্গে মূল্য সংযুক্ত একটি স্টেবলকয়েন ব্যবহারের ব্যবস্থা সমন্বিত করার পরিকল্পনা নেওয়া হয়।

খনিজ সম্পদকে কেন্দ্র করে শাহবাজ সরকারের কূটনৈতিক উদ্যোগও একইভাবে হিসাব-নিকাশ করে নেওয়া হয়েছে। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন (এফডব্লিউও) যুক্তরাষ্ট্রের মিসৌরিভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের (ইউএসএসএম) সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগের বিষয়ে ৫০ কোটি ডলারের একটি ঐতিহাসিক কাঠামোগত চুক্তি সই করে। এর আগে ওভাল অফিসে উচ্চপর্যায়ের এক বৈঠকে পাকিস্তানের নেতারা সরাসরি ট্রাম্পের সামনে দেশটির খনিজ সম্পদের কাঁচা নমুনা তুলে ধরেছিলেন।

 

মন্তব্য (০)





image

সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: মোহসে...

১

নিউজ ডেস্ক : ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই টেলিভিশনে ...

image

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার?

২

নিউজ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চি...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: মো...

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই টেলিভিশনে এক সাক্ষাৎ...

image

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে এই ৫ দেশ, উঠে এল...

৪

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের উত্তেজনা। ইউক্...

image

পাকিস্তানে উপনির্বাচনে হাফিজ সাঈদ-সংশ্লিষ্ট দলের অংশগ্রহণ...

৫

নিউজ ডেস্কঃ  প্রথমবারের মতো পাকিস্তানের পাঞ্জাব সরকার ম...

  • company_logo