• খেলাধুলা

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেই এশিয়ান গেমসে অংশ নিতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী পরশু মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দিয়ে এবারের এশিয়ান গেমস শুরু করবে টাইগাররা। 

২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও ছিল একই প্রতিপক্ষ। সেবার সাইফ হাসানের নেতৃত্বাধীন দলের জিততে বেশ কষ্টই হয়েছিল। শেষ বলে গড়ানো ম্যাচে ২ রানে জয় পায় বাংলাদেশ। এবার অবশ্য বাংলাদেশ অপেক্ষাকৃত শক্তিশালী দল পাঠিয়েছে। 

তারপরও মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

আজ জাপানে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। কারণ, একই উইকেটে বারবার খেলা হয়। এখানে আসলে অনেক সময় টস একটা ফ্যাক্টর হতে পারে। এ কারণে বলব যে প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত নয়। খেলেই আমাদের জিততে হবে।’

এশিয়ান গেমসের এবারের আসরে একাধিক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। মালয়েশিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে খেলা না হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। তবে সালাহউদ্দীন চান, ম্যাচটা খেলেই জিততে।

কোচ বলেছেন, ‘ম্যাচ হলে খুবই খুশি হবো; কারণ, আপনি হঠাৎ করে ৫-৭ দিন ম্যাচ ছাড়া (সেমিফাইনাল বা ফাইনালে) যখন সরাসরি ম্যাচ খেলবেন, খুব কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচটা আমরা কীভাবে খেলছি…ওখান থেকে পরেরটা আমরা পরেরটা চিন্তা করব। আগেই পরেরটা দিকে চিন্তা না করে আমাদের প্রথম ম্যাচটা নিয়ে আসলে ভাবা উচিত।’

কোচ আরও বলেন, ‘এশিয়ান গেমসের দিকে পুরো দেশের মানুষ তাকিয়ে আছে। আমার মনে হয় ছেলেদের ওই মোটিভেশনটা আছে। আমরাও জানি যে এটার গুরুত্ব কতটুকু।’

মন্তব্য (০)





  • company_logo