• খেলাধুলা

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে বিসিবি। প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া মিললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
‎
‎ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ।
‎
‎এর আগে শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে সিরিজটির সময়সূচি নিয়ে নাকভির দেওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বিসিবি।
‎
‎এ বিষয়ে আলোচনার সঙ্গে যুক্ত বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ২০২৭ এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের বোর্ডই প্রস্তাবটিতে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।
‎
‎তবে এখনই সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তাঁর ভাষ্য, প্রস্তাবটি এখনো বিবেচনাধীন। সিরিজে অংশ নেওয়ার বিষয়ে দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।
‎
‎সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত সেই আসরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।
‎
‎তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অধীনে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারলে বড় আসরের প্রস্তুতিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য (০)





  • company_logo