• স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০১৬ হাসপাতালে ভর্তি ৫১জন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বৃহস্পতিবার  (১০ সেপ্টেম্বর) পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালটিতে মোট ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২৯ জন পুরুষ, ১৭ জন নারী এবং ৫ জন শিশু (৪ জন ছেলে ও ১ জন মেয়ে) রয়েছেন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে নতুন করে আরও ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে পুরুষের  সংখ্যাই বেশি—১৪ জন। এছাড়া ১৩ জন নারী  এবং ৩ জন শিশু (৩ জন ছেলে ও ১ জন মেয়ে) রয়েছেন।

​অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন রোগী। ছাড়পত্র পাওয়া রোগীদের মধ্যে ৪ জন পুরুষ, ১৬ জন নারী এবং ৪ জন শিশু (৩জন ছেলে ও ১ জন মেয়ে) রয়েছে।

​হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ১০১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কেবল আন্তঃবিভাগেই নয়, হাসপাতালের বহির্বিভাগেও (Outdoor) নিয়মিত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত বহির্বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৮ জনে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মৃত্যুর রেকর্ড না থাকলেও রাজশাহীতে রেফার্ড করার পর এ সময়ে অন্তত চারজন মারা গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

​পরিস্থিতি সম্পর্কে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাহবুব হাসান জানান, সম্প্রতি বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পর্যাপ্ত মজুত রয়েছে। কিছুটা চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালে চিকিৎসক সংকট থাকলেও ডেঙ্গু কর্নার করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সচেতনতার ওপর জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। 

আবর্জনা নিয়মিত পরিষ্কার না করায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে মনে করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী। অভিযোগ রয়েছে, নামমাত্র মশক নিধন করছে পৌর কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষ ময়লা-আর্বজনা পড়ে থাকার কথা স্বীকার করলেও ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে বলে দাবি তাদের।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন উর রশীদ ময়লা জানান, ডেঙ্গু মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নসহ সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo