• খেলাধুলা

নেইমারকে নিয়ে সুখবর পেল ব্রাজিল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর এল। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার জুনিয়রের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

গত মাসে স্ক্যানে নেইমারের পায়ের পেশিতে গ্রেড-২ মাসল টিয়ার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, সেরে উঠতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। এই খবরে সমর্থকদের মধ্যে দেখা দেয় গভীর উদ্বেগ।

তবে সোমবার (৮ জুন) করা সর্বশেষ এমআরআই রিপোর্ট কিছুটা স্বস্তি এনেছে। সিবিএফ জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে এবং চিকিৎসা দলের প্রত্যাশামতো উন্নতি দেখা যাচ্ছে।

নেইমারের অনুপস্থিতিতেও প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছিল ব্রাজিল। পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমার প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে চিকিৎসকরা আশাবাদী।

সাম্প্রতিক বছরগুলোতে চোট যেন নেইমারের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ২০২৩ সালে হাঁটুর মারাত্মক চোট, এরপর সৌদি ক্লাব আল হিলাল ও শৈশবের ক্লাব সান্তোসে থাকাকালীনও একাধিকবার মাঠের বাইরে কাটাতে হয়েছে। 

৩৪ বছর বয়সী এই তারকার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছিল সংশয়, তবু নতুন কোচ কার্লো আনচেলত্তি তার ওপর আস্থা রেখেছেন।

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারের এটি হবে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। গ্রুপ পর্বে মরক্কোর পর ব্রাজিল মুখোমুখি হবে ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের।

মন্তব্য (০)





  • company_logo