• স্বাস্থ্য

বিসিএসআইআর-এর সঙ্গে আইসিডিডিআর,বি এবং দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানসমূহের সেবা চুক্তি স্বাক্ষর

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পখাতের জন্য বিশ্লেষণ, পদ্ধতি উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, পরীক্ষণ সেবা এবং ক্লিনিক্যাল গবেষণা কার্যক্রম আরও গতিশীল, দ্রুততর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস ও আইসিডিডিআর,বি এর মধ্যে আজ একাধিক পৃথক Service Agreement (সেবা চুক্তি) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

‎বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন-এর উপস্থিতিতে বিসিএসআইআর-এর সঙ্গে পৃথকভাবে সেবা চুক্তি স্বাক্ষর করে— ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সি-টু-সি ফার্মা লিমিটেড, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হেলথকেয়ার কেমিক্যালস লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আইসিডিডিআর,বি।
‎অনুষ্ঠানে বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ উপস্থিত থেকে দেশের শিল্প-গবেষণা সহযোগিতা জোরদারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মালিকপক্ষের প্রতিনিধিবৃন্দ এবং শীর্ষ নির্বাহীগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
‎বিশেষভাবে icddr,b-এর সঙ্গে ক্লিনিক্যাল গবেষণা কার্যক্রম পরিচালনা, বায়োইকুইভ্যালেন্স স্টাডি, যৌথ গবেষণা উদ্যোগ সম্প্রসারণ এবং গবেষণালব্ধ তথ্য ও প্রযুক্তিগত সহযোগিতার কাঠামো সুসংহত করার লক্ষ্যে একটি Clinical Research Agreement এবং Non-Disclosure Agreement (NDA) স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল গবেষণা, ডেটা শেয়ারিং, বৈজ্ঞানিক দক্ষতা বিনিময় এবং উদ্ভাবনী গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
‎এই সেবা চুক্তির মূল লক্ষ্য হলো দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে গবেষণা ও পরীক্ষণ সেবাকে অধিকতর সহজলভ্য, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী করে তোলা। বর্তমানে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প আন্তর্জাতিক বাজারে সফলতার সঙ্গে প্রতিযোগিতা করছে; এই প্রেক্ষাপটে আজকের এই চুক্তিসমূহ শিল্পখাতের সক্ষমতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

‎চুক্তির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ বিসিএসআইআর-এর অত্যাধুনিক গবেষণাগার, উন্নত বিশ্লেষণী অবকাঠামো, উচ্চক্ষমতাসম্পন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতা অগ্রাধিকারভিত্তিতে ব্যবহার করার সুযোগ পাবে। এর ফলে প্রতিষ্ঠানগুলো দ্রুততর ও নির্ভরযোগ্য পরীক্ষণ সেবা, বিশ্লেষণী পদ্ধতি উন্নয়ন ও যাচাই, কাঁচামাল ও সমাপ্ত পণ্যের মান পরীক্ষা, সমস্যা সমাধানভিত্তিক গবেষণা, প্রযুক্তিগত পরামর্শ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহায়তা গ্রহণ করতে পারবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, দেশের শিল্পখাতকে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলো গবেষণা ও পরীক্ষণ সেবার জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমাতে পারবে এবং প্রয়োজনীয় বৈজ্ঞানিক সহায়তা দ্রুততম সময়ে গ্রহণ করতে সক্ষম হবে।

‎চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএসআইআর-এর সকল বোর্ড সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি বিসিএসআইআর-এর আওতাধীন বিভিন্ন গবেষণাগার ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন বিজ্ঞানী, গবেষকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা শিল্প-গবেষণা সহযোগিতা জোরদারে বিসিএসআইআর-এর সমন্বিত অঙ্গীকারের প্রতিফলন বহন করে।

‎বিসিএসআইআর-এর পক্ষে সকল চুক্তিতে স্বাক্ষর করেন মোহাম্মদ শহীদুল হক পাটোয়ারী, সচিব, বিসিএসআইআর সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ হোসাইন সোহরাব, পরিচালক, বিসিএসআইআর ঢাকা ল্যাবরেটরিজ এবং ড. মোহাম্মদ শাহ জামাল, রিসার্চ কো-অর্ডিনেটর, বিসিএসআইআর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক অথবা মনোনীত প্রতিনিধিগণ চুক্তিতে স্বাক্ষর করেন।
‎সংশ্লিষ্টরা মনে করেন, এই চুক্তিসমূহ দেশের শিল্প-গবেষণা সহযোগিতাকে আরও সুসংহত করবে এবং “ল্যাব টু ইন্ডাস্ট্রি” ধারণাকে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনমুখী অর্থনীতির দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য (০)





  • company_logo