• সমগ্র বাংলা

যথাযোগ্য মর্যাদায় রংপুরে পালিত অমর একুশে ফেব্রুয়ারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রংপুর জেলায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদ দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের।

দিবসের শুরুতেই শনিবার(২১ফেব্রুয়ারী)সকাল বেলায় বেরোবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।র‌্যালিতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।প্রথমে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।এরপর রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে শ্রদ্ধা জানান ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।একই সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরাও ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে উপস্থিত হন। শহীদ মিনার এলাকা পরিণত হয় মানুষের মিলনমেলায়।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, ভাষার জন্য পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিই প্রাণ দিয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজও সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত হয়নি। বিশেষ করে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাজে শুদ্ধ বাংলা চর্চা আরও জোরদার করা প্রয়োজন।

এ সময় বক্তারা শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে সর্বত্র বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,উপাচার্য,অধ্যাপক ড. শওকাত আলী বলেন-ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই হবে না, বাস্তব জীবনে তার প্রয়োগ জরুরি।অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার চর্চা নিশ্চিত করাই হবে ভাষা আন্দোলনের চেতনার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।

ভাষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





  • company_logo