ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন কোন ভিডিও ভাইরাল হচ্ছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে কোন বিষয়টি নিয়ে আলোচনা চলছে—এমন কাজের জন্যই কর্মী নিয়োগ দিচ্ছে ভারতের রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ। পদের নাম ‘ডুমস্ক্রলার’ (Doomscroller)।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে ব্যতিক্রমী এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ পদে এমন একজনকে খোঁজা হচ্ছে, যিনি দিনের বড় একটি সময় ইনস্টাগ্রাম রিলস দেখবেন এবং প্ল্যাটফর্মে চলমান ট্রেন্ড ও ভাইরাল ভিডিও সম্পর্কে প্রতিষ্ঠানকে জানাবেন।
প্রতিষ্ঠানটির কর্মীদের প্রকাশ করা একটি ভিডিওতে নিয়োগের বিষয়টি জানানো হয়। সেখানে একজন বলেন, ‘আপনি যদি সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাহলে আমরা আপনাকে এ কাজের জন্য অর্থ দেব। আমরা এমন একজন ডুমস্ক্রলার খুঁজছি, যিনি সারাদিন রিলস স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’
আগ্রহীদের ভিডিওটিতে ‘হাই’ (Hi) লিখে মন্তব্য করতে বলা হয়েছে। উদয়পুরে অবস্থানরত প্রার্থীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হবে।
এ ছাড়া ইনস্টাগ্রামে ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের অ্যাকাউন্টের বায়োতে থাকা গুগল ফরমের মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে। পাশাপাশি পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপের জন্য আবেদন করছেন, কোন পদে আগ্রহী, বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতন কত—এসব তথ্য জানাতে হবে। আবেদন জমা দেওয়ার আগে জীবনবৃত্তান্তও (সিভি) আপলোড করতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে নিয়োগসংক্রান্ত ভিডিওটি প্রকাশ করা হয়। দ্রুতই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনডিটিভির ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি এরই মধ্যে ৩ লাখের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যতিক্রমী এই চাকরির বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কেউ এটিকে ‘স্বপ্নের চাকরি’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ জানিয়েছেন, এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলেন তারা।
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিভিত্...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...
তথ্য প্রযুক্তি ডেস্ক: প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...
তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

মন্তব্য (০)