ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে একদিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ এবং রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা গ্রহণ করেন।
শনিবার (২৭ জুন) উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকায় অবস্থানরত আঠারবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট কমিউনিটি ঢাকাস্থ আঠারবাড়ী’ এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি ও খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়া (মামুন)।
সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে গাইনি, মা ও শিশু স্বাস্থ্য, মেডিসিন এবং চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাপত্রও দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড গ্রুপ কার্ড বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন, ডা. আশিষ কুমার মোদক (এমবিবিএস, ডিএমইউ, সিএমইউ), জেনারেল প্র্যাকটিশনার। ডা. সাকিয়াতুল জান্নাত (এমবিবিএস), মেডিকেল অফিসার, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল এবং ডা. মনিসতা সরকার রুম্পা (এমবিবিএস), মেডিকেল অফিসার, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল।
আয়োজকরা জানান, গ্রামীণ এলাকার অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ অনেকেরই থাকে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই সম্পূর্ণ বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা বলেন, মানবসেবামূলক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আয়োজকরা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপির অনুপ্রেরণা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গ্রামের সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ খুব কম পান। এমন বিনামূল্যের মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী উদ্যোগ। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

মন্তব্য (০)