• লিড নিউজ
  • জাতীয়

‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ‘গুপ্ত’ নিয়ে জাতীয় সংসদে উত্তাপ ছড়িয়েছে। সরকার ও বিরোধীদল একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়ে এই ইস্যুতে। 

আলোচনার সূত্রপাত করে সরকারকে নাজেহাল করতে বিরোধী দল চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেন সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ আঙ্গুল চুষবে না, বসে থাকবে না এবং তাকিয়েও থাকবে না। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আব্দুল ওয়াদুদ ভুঁইয়া অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন। তিনি এই বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। 

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই উত্তাপ সৃষ্টি হয়।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকারকে নাজেহাল করতে চক্রান্ত চালাচ্ছে বিরোধী দল। আমি বলতে চাই, আজকে সংসদে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছেন, এতে মনে হচ্ছে, দেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতিয়মান হচ্ছে। 

তিনি বলেন, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই- আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ করবে, আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না। 

ওয়াদুদ ভূঁইয়া বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ৭১ সালের জন্ম হওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারেনি বলে আজকে সদ্যগঠিত সরকারের বিরুদ্ধে কাজ করছে। 

তিনি বলেন, বাংলাদেশকে শান্তির, উন্নয়নের ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তবে, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিরোধী দলের ভাইয়েরা সংসদের ভেতরে ও বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য চক্রান্ত চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। 

স্পিকারকে সম্মোধন করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলা করেছে কারা, শিবির। কী অপরাধ ছিল ছাত্রদলের, ছাত্রদল শুধু বলেছে, ‘গুপ্ত’, ছাত্রদল লিখেছে ‘গুপ্ত’- সেই জন্যই তারা ‘গুপ্ত’ শব্দকে উল্লে­খ করে ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা ক্ষেপে উঠেছেন এই বলে যে, সংসদে গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার নেই। চট্টগ্রামে ছাত্রদল কী কথা বলেছে, গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চেপে ধরতে চায় ফ্যাসিস্টের মতো।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, প্রথমে আমি এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে, এটা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ-সদস্য, সংসদের ভেতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না, মানে কী। তিনি কি উস্কে দিচ্ছেন জনগণকে। বিশৃঙ্খলার দিকে এগিয়ে দিচ্ছেন, এগুলো সংসদীয় আচরণ নয়। 

পরে জামায়াতের আরেক সদস্য মিজানুর রহমান চট্টগ্রামের সিটি কলেজের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, কারো ওপর দায় না চাপিয়ে প্রকৃত ঘটনা যাচাই করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। 

এক পর্যায়ে বিএনপি দলীয় সদস্য এ কে এম সেলিম রেজা হাবীব বলেন, বিরোধী দল যেভাবে অসহিষ্ণু আচরণ করছে, যেভাবে আক্রমণাত্মক ভূমিকা রাখছে, এতে কে উপকৃত হবে তা বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে প্রশ্ন। গণতন্ত্র বিপন্ন করতে অসহিষ্ণু হলে তা কাদের সুযোগ করে দেবে তা ভাবার জন্য বিরোধী দলের প্রতি অনুরোধ জানান তিনি। 

বিরোধী দলকে উদ্দেশ্য করে সেলিম রেজা  বলেন, জুলাই সনদ ও আদেশ নিয়ে আপনারা বিতর্ক করছেন। প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, স্বাক্ষরিত সনদ তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। শুধু বিরোধীতার জন্য বিরোধীতা না করে আসুন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেই। ভোটের অধিকারকে নিশ্চিত করি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করি। 

এসময় স্পিকার বলেন, আমরা পরীক্ষা করে দেখবো, যদি কোনও অসংসদীয় ভাষা থাকে, সেটা এক্সপাঞ্জ করবো। আর যেসব বক্তব্য-এটা তো বাংলাদেশের রাজনীতির ভাষা। আমরা চুপ করে থাকবো না। এগুলো তো শত বছর ধরে রাজনীতিবিদরা বলে এসেছেন। এগুলো আপনারা বক্তৃতা যখন দেবেন, এর জবাব দেবেন। কিন্তু বক্তব্য রাখার সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo