• লিড নিউজ
  • শিক্ষা

নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

  • Lead News
  • শিক্ষা

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ। এগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। তিনটি কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে হালনাগাদকৃত আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
‎
‎গত রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
‎
‎এর আগে ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদকরণ বিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দুটি কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।
‎
‎রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এ কলেজ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।
‎
‎গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়।
‎
‎জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শিক্ষা কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।
‎
‎সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে বিদ্যমান চিকিৎসাসেবা অবকাঠামোকে চিকিৎসা শিক্ষার কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
‎
‎এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে আসন পুনর্নিধারণের অংশ হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার আসন সংখ্যা ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
‎
‎এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্র্নিধারণ করা হয়েছে এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
‎
‎স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ মোট ১০৮টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৪০ টি ও বেসরকারি ৬৮টি। এছাড়াও আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি মেডিকেল কলেজ রয়েছে সাতটি।
‎
‎পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ নভেম্বর আসন পুনর্বিন্যাসের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, নতুন তিনটিসহ দেশের ৪০ টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ২৭০ টি এবং ৬৮ টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২১ টি আসন রয়েছে। এছাড়াও নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০ টি আসন রয়েছে।
‎
‎অন্যদিকে, সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজ বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। এ বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৭০টি। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।

মন্তব্য (০)





image

এনটিআরসিএর শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্...

image

‎২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে...

২

নিউজ ডেস্কঃ আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতু...

image

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

৩

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে প...

image

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

৪

নিউজ ডেস্কঃ বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

৫

‎নিউজ ডেস্কঃ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলে...

  • company_logo