ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে পাবনার চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি চিকিৎসক ডা. উম্মে আরেফিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম, পুরস্কারপ্রাপ্ত ডেইরি খামারি সুলতানা পারভীন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু ও চাটমোহর মহিলা দলের নেত্রী রহিমা রেজা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে এ খাতের উন্নয়নের বিকল্প নেই। এ জন্য খামারিদের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও পোলট্রি পালনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি প্রাণীর রোগবালাই প্রতিরোধ, উন্নত জাতের সম্প্রসারণ, নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন এবং দুধে ভেজাল রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, উৎপাদিত প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপযোগী করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ, সরকারি সহযোগিতা এবং আধুনিক সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ সময় দুধ, ডিম ও মাংস সংরক্ষণের জন্য আধুনিক রক্ষণাগার নির্মাণের দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় খামারি, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদে...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...
নওগাঁ প্রতিনিধিঃ ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ...
নওগাঁ প্রতিনিধিঃ “নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসত...

মন্তব্য (০)