ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নভেম্বর মাসের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার, অপরাধপ্রবণ এলাকা, শিশু-কিশোরদের মাদকের সঙ্গে জড়িয়ে পড়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, সারাদেশের মতো চাটমোহরেও মাদকের বিস্তার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারপ্রধান জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। মাদকাসক্ত ব্যক্তিদের পরিবারের অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা করে সচেতনতা বাড়াতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে এর ভয়াবহ পরিণতি পুরো জাতিকে হুমকির মুখে ফেলবে।
সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের দোকান ও স্টলে গভীর রাত পর্যন্ত টেলিভিশন দেখা ও ক্যারাম খেলার আসর বসে। এসব স্থানে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। উদ্বেগের বিষয়, শিশু-কিশোরদের একটি অংশও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। চাটমোহরের কয়েকটি গ্রাম মাদক সেবন ও ব্যবসার জন্য চিহ্নিত হয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
এ ছাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। শিক্ষকদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, যথাযথভাবে পাঠদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তব্য দেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউস গমেজ, মো. আছালত আলী, আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোতাহার আলী, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান বিদ্যুৎ ও ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদে...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...
নওগাঁ প্রতিনিধিঃ ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ...
নওগাঁ প্রতিনিধিঃ “নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসত...

মন্তব্য (০)