ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যত দ্রুত সম্ভব যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো অবকাশকেন্দ্রে বৈঠক করেন দুই নেতা। বৈঠক শেষে হোয়াইট হাউসের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে বৈঠকটিকে ‘অসাধারণ’ ও ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাশিয়া যেন ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের বিস্তার ঘটানোর মতো কোনো পদক্ষেপ না নেয়, সে বিষয়ে আলোচনা করেছেন তারা। পাশাপাশি যত দ্রুত সম্ভব যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন।
ট্রাম্প ও রুটের এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন গত সপ্তাহে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় তাকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প।
ট্রাম্পের এমন মন্তব্যে আপত্তি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন হত্যাকারী।’
বুধবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্পের পুতিনকে বন্ধু বলার বিষয়ে প্রশ্ন করা হয় ন্যাটো মহাসচিব মার্ক রুটেকে।
জবাবে রুটে বলেন, চীনের শেনজেনে বৈঠকসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প মূলত পুতিনকে যাচাই করছেন। পুতিন কতটা আন্তরিক, তিনি আলোচনার টেবিলে বসতে চান কি না এবং সত্যিকার অর্থে আলোচনায় যুক্ত হতে প্রস্তুত কি না, তা বোঝার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট।
রুটে আরও বলেন, ‘আমাদের চাপ অব্যাহত রাখতে হবে। আমার মনে হয়, এই চাপ কাজ করছে। তাই এটি ধরে রাখা জরুরি।’
ইউক্রেনের তুলনায় রাশিয়ার প্রতি বেশি নমনীয় অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান চান।
এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। এখন পর্যন্ত এসব আলোচনায় অংশ নিয়েছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে ইউরোপের কয়েকটি দেশও আলোচনায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ন্যাটোর মহাসচিব রুটে বলেছেন, যুদ্ধ বন্ধে যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।
তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হলে, তা শান্তিচুক্তির মাধ্যমে হোক কিংবা অন্য কোনো উপায় না থাকলে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির মাধ্যমে—ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
রুটে আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনের লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। একই সঙ্গে রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...
নিউজ ডেস্কঃ ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...
নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

মন্তব্য (০)