• প্রশাসন

১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

‎গতকাল রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
‎
‎প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত হওয়া ১২ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাতজন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুজন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুজন এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন রয়েছেন।
‎
‎প্রথম প্রজ্ঞাপনে সংযুক্ত আট কর্মকর্তা হলেন—ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
‎
‎দ্বিতীয় প্রজ্ঞাপনে সংযুক্ত চার কর্মকর্তা হলেন—পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম, মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
‎
‎উভয় প্রজ্ঞাপনে সংযুক্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। দুই মাসের জন্য তাদের এ সংযুক্তি কার্যকর থাকবে।
‎
‎পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, প্রয়োজনীয় তদারকি এবং সমন্বয় কার্যক্রমে গতি আনতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo