নিউজ ডেস্কঃ বড় ধরনের সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা জোরদার এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টি, ৫ হাজার ৮৩০টি যানবাহন ক্রয়, পুরোনো পুলিশ স্থাপনা পুনর্নির্মাণ এবং একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় সুত্র জানিয়েছে, দীর্ঘদিনের জনবল সংকট, অভিযান পরিচালনার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত ঘাটতি মেটাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটি ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত সরকারের বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন এজেন্ডার অংশ। ১৭ কোটির বেশি মানুষের নিরাপত্তার চাহিদা মেটাতে বর্তমান পুলিশ বাহিনী হিমশিম খাচ্ছে। এমন প্রেক্ষাপটে জনবল বৃদ্ধি, গতিশীলতা আনা, আধুনিক তদন্ত সুবিধা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর বড় উদ্যোগের ইঙ্গিত দিচ্ছে এই প্রস্তাবিত পদক্ষেপগুলো।
সম্প্রসারণ পরিকল্পনার মূল কেন্দ্রে রয়েছে বাংলাদেশ পুলিশে রাজস্ব খাতে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব।
সরকারি এক অগ্রগতি প্রতিবেদনের হিসাবে দেখা গেছে, এশিয়ার প্রতিবেশী দেশগুলোর পুলিশ জনসংখ্যা অনুপাতের ভিত্তিতে হিসাব করা চাহিদার তুলনায় বাহিনীতে ১ লাখ ৩৫ হাজার ৩৭৪ জন জনবলের ঘাটতি রয়েছে।
বাংলাদেশ পুলিশের বর্তমান অনুমোদিত জনবল ২ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৭ হাজার ৯৩৮ জন পুলিশ সদস্য এবং ১০ হাজার ৮০৯ জন নন-পুলিশ কর্মচারী রয়েছেন। তুলনামূলক মূল্যায়নে দেখা গেছে, বাহিনীতে প্রায় ৩ লাখ ৫৪ হাজার ১২৩ জন জনবল প্রয়োজন।
প্রস্তাবিত নিয়োগের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ৪৫০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। এছাড়া থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও অপারেশনাল ক্যাম্পসহ মাঠপর্যায়ের ইউনিটগুলোর জন্য আরও ১ হাজার ৯৪৩টি পদের প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের মাধ্যমে প্রস্তাবগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন বলেন, জননিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বর্তমান জনবল যথেষ্ট নয়। মালয়েশিয়ায় ১:২৯৭ এবং থাইল্যান্ডে ১:৩১৩ পুলিশ জনসংখ্যা অনুপাতের উদাহরণ টেনে তিনি বাংলাদেশের পুলিশিং সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জনবল বৃদ্ধির পাশাপাশি সরকার পরিবহন ও অভিযান পরিচালনার যানবাহনের তীব্র সংকট কাটাতেও পদক্ষেপ নিচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, অনুমোদিত সাংগঠনিক চাহিদা মেটাতে বাহিনীর প্রায় ২ হাজার ৫০০টি অতিরিক্ত যানবাহন প্রয়োজন। বিদ্যমান অনেক যানবাহনের বয়স ৮ থেকে ২০ বছর হওয়ায় অভিযান পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।
এই ঘাটতি পূরণে সরকার প্রায় ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের আওতায় ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
চলতি মাসের ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রস্তাবগুলো অনুমোদন দেয়।
যানবাহনের বহর বাড়লে টহল জোরদার, জরুরি সাড়াদান, অপরাধ তদন্ত এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের অভিযান পরিচালনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
অবকাঠামোগত সংস্কারের আওতায় সারা দেশের শত শত পুরনো ও জরাজীর্ণ পুলিশ স্থাপনায় নজর দেওয়া হবে।
প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের একটি প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পৃথক আরেকটি প্রস্তাবে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা এবং হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের কথা বলা হয়েছে।
এছাড়া পুলিশ সদস্যদের আবাসন ও দাপ্তরিক কাজের পরিবেশ উন্নত করতে ব্যারাকসহ আধুনিক থানা ভবন নির্মাণের বৃহত্তর কর্মসূচিও বাস্তবায়ন করছে সরকার।
অপরাধ ক্রমশ ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় প্রযুক্তি সংশ্লিষ্ট অপরাধ তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর আগে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।
প্রস্তাবিত এই বিশেষায়িত ইউনিটে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা পেশাজীবীদের যুক্ত করা হবে। তারা অনলাইন প্রতারণা, হ্যাকিং, পরিচয় চুরি, ডিজিটাল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধের তদন্ত করবেন।
এই উদ্যোগের ফলে ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়বে এবং ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকি মোকাবিলায় পুলিশের সাড়াদান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
আধুনিকায়ন এজেন্ডায় প্রযুক্তিনির্ভর পুলিশিংও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অভিযান পরিচালনার সমন্বয় ও দক্ষতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নির্বাচিত আঞ্চলিক পুলিশ ইউনিটগুলোতে স্মার্ট পুলিশিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা জোরদার করার পরিকল্পনাও করছে সরকার।
একইসঙ্গে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের মতো বিশেষায়িত ইউনিটগুলোর ক্রমবর্ধমান দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত জনবল, আধুনিক সরঞ্জাম, পেশাদার প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ নেতৃত্ব কমিউনিটি এনগেজমেন্ট বা জনসম্পৃক্ততার ওপরও জোর দিচ্ছে।
প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে এই অপারেশনাল উদ্যোগগুলোর পাশাপাশি বদলি, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত প্রশাসনিক সংস্কারও চালানো হচ্ছে।
পুলিশের এই আধুনিকায়ন উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়টি বিভাগ ও সংস্থার বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন কর্মসূচির অংশ।
বর্তমানে সরকারের ২৫টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং ২০৩০-৩১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে ১৭টি অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্প রয়েছে।
চলমান এই প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।
তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা, যা উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনাগুলো সময়মতো বাস্তবায়নের চ্যালেঞ্জকেই তুলে ধরে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, পুরনো অবকাঠামোর আধুনিকায়ন, নজরদারি প্রযুক্তি চালু এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে।
বিচ্ছিন্ন প্রকল্প কমানো, একই ধরনের বিনিয়োগের পুনরাবৃত্তি এড়ানো এবং বাস্তবায়নের দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশনও একটি সমন্বিত ও কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে।
সামগ্রিক এই উন্নয়ন এজেন্ডা সরকারের ২০২৬-২০৩১ পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো এবং বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তাবিত সম্প্রসারণ, যানবাহন ক্রয় এবং অবকাঠামো পুনর্নির্মাণ বাংলাদেশ পুলিশকে উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারলেও বিদ্যমান জনবল ঘাটতির যে বিশালতা তাতে শুধু পরিকল্পিত এই নিয়োগ দিয়ে কাক্সিক্ষত চাহিদা পূরণ হবে না।
এই সংস্কারের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া, পেশাদার প্রশিক্ষণ এবং নতুন সংগৃহীত সরঞ্জামের টেকসই রক্ষণাবেক্ষণের ওপর।
সরকারের বৃহত্তর লক্ষ্য হলো ২০৩০-৩১ সালের মধ্যে আরও সক্ষম, প্রযুক্তিসমৃদ্ধ, পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নাগরিকবান্ধব একটি পুলিশ বাহিনী গড়ে তোলা। যারা প্রচলিত অপরাধ, সাইবার হুমকি এবং জননিরাপত্তার নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত থাকবে।
মন্তব্য (০)