• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে হত্যা মামলার রহস্য উদঘাটন, লাশ সরানোর অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রায় ১৬ মাস আগে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহের ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামে এক বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ সরানোর কাজে ব্যবহৃত একটি বটি এবং অন্যান্য আলামত উদ্ধার করেছে পিবিআই।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই দুপুরে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দাপুনিয়া এলাকার বাইদের ক্ষেত নামক স্থানে স্টার-১ ব্রিকস ফিল্ডের উত্তর পাশে একটি পতিত জমির পানিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটি ছিল উলঙ্গ এবং গলায় সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায়। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত ব্যক্তির নাম সাকিব ওরফে শাকিল। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। শ্বশুরবাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায়।

এ ঘটনায় তৎকালীন সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন অবস্থায় নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হলেও রহস্য উদঘাটন না হওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পিবিআই জামালপুরকে দেন।

এরপর পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই সুমন আহমেদ মামলাটির তদন্ত শুরু করেন। পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালের তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং জামালপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার পংকজ দত্তের সার্বিক তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

তদন্তের একপর্যায়ে গত ১৭ নভেম্বর জামালপুর সদর উপজেলার দাপুনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে মোস্তাফিজুর রহমান বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে জানায় পিবিআই।

পিবিআইয়ের দাবি, মামলার তদন্ত, এজাহার পর্যালোচনা এবং আদালতে দেওয়া আসামির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, নিহত সাকিবের সঙ্গে তার স্ত্রী শাহানার পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল। ২০২৫ সালের ৭ জুলাই রাতে দাপুনিয়া এলাকার একটি ভাড়া বাসায় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাকিব তার স্ত্রীকে মারতে উদ্যত হলে পাশের ঘরের এক ভাড়াটিয়া এসে পরিস্থিতি শান্ত করেন। পরে শাহানার মা আঙ্গুরী বেগমকে খবর দিয়ে মেয়ে ও নাতিকে নিয়ে যেতে বলা হয়।

রাতের দিকে আঙ্গুরী বেগম মেয়ে ও নাতিকে নিয়ে মোস্তাফিজুর রহমান বাচ্চুর মালিকানাধীন ভাড়া বাসায় চলে যান। কিছুক্ষণ পর সাকিব সেখানে গিয়ে চিৎকার-চেঁচামেচি করে দরজা খোলার জন্য বললেও কেউ দরজা খোলেননি। পরে বাড়ির মালিক বাচ্চু তাকে চলে যেতে বলেন এবং পরদিন সকালে আসতে বলেন।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, পরদিন ৮ জুলাই রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাচ্চু ঘুম থেকে উঠে বাড়ির উঠানে একটি গাছের ডালের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সাকিবকে দেখতে পান। পরে বটি দিয়ে ওড়না কেটে মরদেহ নিচে নামান। এরপর নিজের ও পরিবারের সদস্যদের ঝামেলা এড়াতে মরদেহটি বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে পাশের একটি জমিতে ফেলে আসেন বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি। মেয়ের বিয়ের আলোচনা চলমান থাকায় বিষয়টি গোপন রাখেন বলেও জানান।

গ্রেপ্তারের পর আসামিকে নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ির রান্নাঘর থেকে মরদেহের ওড়না কাটার কাজে ব্যবহৃত বটি উদ্ধার করা হয়। পরে ১৮ নভেম্বর তাকে আদালতে পাঠানো হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পংকজ দত্ত জানান, এটি একটি ক্লুলেস মামলা ছিল। হত্যাকাণ্ড না ঘটিয়েও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় আসামি মরদেহ গুম করার অপরাধে জড়িত হয়েছেন। পিবিআইয়ের পেশাদার তদন্তের মাধ্যমে মামলাটির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

১

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

image

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

৩

নিউজ ডেস্কঃ গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফি...

image

জামালপুরে পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ৪৯০ প...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ ত...

image

সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে এর...

  • company_logo