• লিড নিউজ
  • জাতীয়

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে আইসিজের রায়ের অপেক্ষায় বাংলাদেশ: শামা ওবায়েদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে বাংলাদেশ। এ রায়ের বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
‎
‎তিনি বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত এবং দীর্ঘদিনের মানবিক সংকটের মূল কারণগুলো মোকাবিলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
‎
‎বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার আগামীকাল ১৯ নভেম্বর আইসিজের রায় ঘোষণার কথা রয়েছে। এ বৈঠকটি রায়ের ঠিক আগের দিন অনুষ্ঠিত হল।
‎
‎রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে করা এ মামলার রায়ের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।
‎
‎শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতির অবসান এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথ তৈরি করতে আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎
‎মিয়ানমারের মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে রাখাইন রাজ্যে থেকে যাওয়া রোহিঙ্গারা সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
‎
‎তাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
‎
‎বাংলাদেশের মানবিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে তাদের পূর্বপুরুষের আবাসভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান।
‎
‎রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ তৈরি করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত, বাস্তবসম্মত ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
‎
‎বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি চলমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
‎
‎বৈঠকে শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর সম্পন্ন করায় কেলি কারিকে অভিনন্দন জানান।
‎
‎জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে কক্সবাজারে সাক্ষাৎকালে পাওয়া অভিজ্ঞতাসহ সফরের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরতে তিনি বিশেষ দূতকে আমন্ত্রণ জানান।
‎
‎জবাবে কেলি কারি সফরকালে রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তার আলোচনা ও মতবিনিময়ের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
‎তিনি বর্তমান মানবিক পরিস্থিতি সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন। এ সময় আন্তর্জাতিক মানবিক সহায়তায় ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার বিষয়টি উঠে আসে।
‎
‎মিয়ানমারে চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
‎
‎জাতিসংঘের বিশেষ দূত তার দায়িত্ব পালনে বাংলাদেশের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন শামা ওবায়েদ।
‎
‎২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া এ মামলা দায়ের করে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতার মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনে দেশটি।
‎
‎২০২০ সালের জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এতে মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
‎
‎রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনার আন্তর্জাতিক আইনি প্রচেষ্টায় আসন্ন এ রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০

১

‎নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গ...

image

পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্...

image

‎লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ একদিনের সফরে উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহা...

image

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ...

৪

‎নিউজ ডেস্ক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা ন...

image

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যা...

  • company_logo