• আন্তর্জাতিক

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  তেহরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দীর্ঘদিন ধরে দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয়টি কোনো কারিগরি বা প্রকৌশলগত দুর্বলতার ফল নয়, বরং এটি ছিল দেশটির নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত ও প্রতিরক্ষা নীতির অংশ। সাম্প্রতিক সময়ে ইরানি সামরিক কর্মকর্তাদের কিছু বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে—তেহরান কি এবার এই নির্ধারিত সীমা অতিক্রম করার পথে হাঁটছে?

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত শহীদ হাসান তেহরানি মোকাদ্দাম থেকে শুরু করে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ পর্যন্ত শীর্ষ সামরিক কর্মকর্তারা বরাবরই একটি বিষয় স্পষ্ট করেছেন। তাদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে কেবল দুই হাজার কিলোমিটারের ফ্রেমে বেঁধে ফেলা উচিত নয়। বর্তমানের পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বহুমুখী হুমকির প্রেক্ষাপটে এই সীমা পুনর্বিবেচনার আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

অনেকের মধ্যেই একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে যে, ইরান হয়তো দুই হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নকশা ও তৈরি করতে অক্ষম। কিন্তু দেশটির সামরিক ইতিহাসের দিকে তাকালে ভিন্ন চিত্র পাওয়া যায়। ২০১৭ সালের নভেম্বরে আইআরজিসির তৎকালীন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ জাফরি প্রথমবারের মতো স্পষ্ট করেছিলেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থগুলো যেহেতু দুই হাজার কিলোমিটারের মধ্যেই অবস্থিত, তাই প্রতিরক্ষা প্রয়োজনে এই পাল্লাকেই যথেষ্ট মনে করে তেহরান। এর এক বছর পর, ২০১৮ সালের ডিসেম্বরে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেওয়া এক ভাষণে জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছিলেন, দুই হাজার কিলোমিটারের এই সীমা কোনো ‘ঐশী বাণী’ নয়। ইরানের এর চেয়েও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পূর্ণ সক্ষমতা রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো কারিগরি বা চুক্তিগত বাধা নেই।

ইরানের এই ক্ষেপণাস্ত্র যাত্রার পেছনে শহীদ হাসান তেহরানি মোকাদ্দামের দূরদর্শী পরিকল্পনার বড় ভূমিকা রয়েছে। ১৯৮০-এর দশকে ইরাকের বাথিস্ট শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে ইরান বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে। ১৯৮৩ সালে মোকাদ্দামের নেতৃত্বে যাত্রা শুরু করা সেই ক্ষেপণাস্ত্র ইউনিট ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে কিরকুকের দিকে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জেনারেল হাজিজাদেহের বর্ণনা অনুযায়ী, মোকাদ্দাম প্রথমে দুই হাজার কিলোমিটার পাল্লার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন এবং তা অর্জনের পর নতুন করে পাল্লা বাড়ানোর চেয়ে বিদ্যমান ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত লক্ষ্যভেদ ও গুণগত মান উন্নয়নের ওপর জোর দিয়েছিলেন।

বর্তমানে ইরানের অস্ত্রভান্ডারে যেসব উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলোই দেশটির উচ্চতর সক্ষমতার প্রমাণ দেয়। এর মধ্যে দুই স্তরবিশিষ্ট কঠিন জ্বালানিচালিত ‘সেজিল’ এবং ২০২৩ সালের জুনে উন্মোচিত ‘খোররামশাহর-৪’ বা ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটার। খাইবার ক্ষেপণাস্ত্রটি প্রায় দেড় হাজার কেজি ওজনের ভারী ওয়ারহেড বহনে সক্ষম। এ ছাড়া নিখুঁত লক্ষ্যভেদের জন্য পরিচিত ‘এমাদ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৪০০ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, দুই হাজার কিলোমিটারের সীমা অতিক্রম করার অর্থ এই ক্ষেপণাস্ত্রগুলো বাদ দেওয়া নয়, বরং এই প্রযুক্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও দূরপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করা।

এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় মোড় আসে ২০২৬ সালের নভেম্বরে। ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ঘোষণা করেন, ‘আমাদের জন্য এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।’ ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে ভৌগোলিক সীমারেখা বিবেচনায় না নিয়ে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করার পরই এই ঘোষণা আসে। তবে নীতিগত এই পরিবর্তনের ঘোষণা এলেও ইরান ইতোমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।

প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখলে, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো কেবল জ্বালানি ট্যাংক বড় করার বিষয় নয়।এর সঙ্গে প্রপালশন প্রযুক্তি, উন্নত ধাতব পদার্থ, গাইডেন্স সিস্টেম এবং তাপ নিয়ন্ত্রণের মতো জটিল বিষয় জড়িত। ইরান ইতোমধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যান তৈরি করে মহাকাশ গবেষণায় বড় সাফল্য দেখিয়েছে। যেহেতু স্যাটেলাইট উৎক্ষেপণ যান এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মূল প্রযুক্তি প্রায় একই, তাই ইরানের জন্য এই পথ পাড়ি দেওয়া অসম্ভব নয়। এমনকি ২০২৫ সালের ১৭ জুন প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছিল, ইরান চাইলে তাদের মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে।

কৌশলগতভাবে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি পেলে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর ফলে প্রতিপক্ষের সামরিক ঘাঁটিগুলো আরও বড় ঝুঁকির মুখে পড়বে, যা যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে শত্রুপক্ষকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। ভৌগোলিক দূরত্বের কারণে যেসব হুমকি এতদিন ইরানের নাগালের বাইরে ছিল, সেগুলোও তেহরানের প্রতিরোধ বলয়ের আওতায় চলে আসবে। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতি ও দরকষাকষির টেবিলেও ইরানের অবস্থান আরও শক্তিশালী হবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, কেবল পাল্লা বাড়ালেই কার্যকর প্রতিরোধ গড়ে ওঠে না; এর সঙ্গে নিখুঁত গোয়েন্দা তথ্য, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং ক্ষেপণাস্ত্রের নির্ভরযোগ্যতার সমন্বয় ঘটানোই হবে তেহরানের আগামী দিনের মূল চ্যালেঞ্জ।

মন্তব্য (০)





image

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বল...

১

‎নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বা র...

image

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল য...

২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আ...

image

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্...

image

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

৪

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর ধরে তিনি কারাগারে। বয়স হয়েছে ৭৪। পাকিস্তানের বিশ্...

image

এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৬ নভেম্বর) ...

  • company_logo