ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফোনে হুমকি ও গালাগালির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে ফোন করে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ অভিযোগের কথা জানান সামান্তা শারমিন। তিনি আরও বলেন, একই দিন দুপুর ১২টা ২৭ মিনিটে হোয়াটসঅ্যাপে তাকে ফোন করেন ওই ব্যক্তি। ফোনে তিনি নিজেকে বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দেন।
সামান্তা শারমিন জানান, প্রথমবার কল আসার সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি পুরো কথা শুনতে পারেননি। পরে ওই ব্যক্তি আবার ফোন করলে তিনি কলটি রিসিভ করেন। এ সময় নিজেকে সবুজ খান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, কিছুদিনের মধ্যে তাকে ‘জয় বাংলা’ করে দেয়া হবে।
এমন বক্তব্যের অর্থ জানতে চাইলে ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করেন সামান্তা শারমিন। একপর্যায়ে তিনি হুমকিদাতার কাছে জানতে চান, তিনি বরগুনা জেলা ছাত্রলীগের কোন পদে রয়েছেন, বরগুনার কোথায় তার অবস্থান এবং তিনি ঢাকায় রাজনীতি করতেন, নাকি শুরু থেকেই বরগুনায় রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওই ব্যক্তি গালিগালাজ করতে থাকেন। পরে নিজেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন আরও উল্লেখ করেন, ফোন করা ব্যক্তি বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিলেও সংগঠনটিতে তার পদ-পদবি কী, তা জানা যায়নি। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, এ বাংলায় দলটির কোনো ঠিকানা হবে না।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতির কথা জানিয়ে সামান্তা শারমিন বলেন, আজই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
সামান্তা শারমিন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তরুণেরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ দলটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে ...
আন্তর্জাতিক ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়...
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা ...
নিউজ ডেস্কঃ পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। পতিত ফ্যাসি...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার পুলিশ সুপা...

মন্তব্য (০)