• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎হাঙ্গেরির জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২০ মিলিয়ন ডলার উদ্ধার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায় ২০ মিলিয়ন ডলারের নগদ অর্থ উদ্ধার করেছেন দেশটির তদন্তকারীরা। বনভূমির মাটির নিচে পুঁতে রাখা অর্থের বান্ডিল থেকে শুরু করে খামারবাড়ি, গুদাম ও বিভিন্ন স্থাপনায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান মিলেছে। এ ঘটনায় দেশটির সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে।

‎শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে, এক বিবৃতিতে, হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস জানায়, গত ১২-১৩ নভেম্বর, রাজধানী বুদাপেস্টসহ দেশটির আরও তিনটি অঞ্চলে তল্লাশি চালানো হয়। সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ তদন্তে নতুন করে গঠিত সংস্থাটির কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন।
‎
‎তল্লাশিতে হাঙ্গেরির মুদ্রা ফরিন্ট, ইউরো ও মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। খামারবাড়ি, গুদাম, একটি আবাসিক ভবন এবং নির্জন স্থানে রাখা একটি উচ্চমূল্যের সিন্দুক থেকে এসব অর্থ পাওয়া যায়। এছাড়া বনাঞ্চলের মাটির নিচেও পুঁতে রাখা ছিল বিপুল পরিমাণ নগদ অর্থ।
‎
‎উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে দেখা যায়, রাতের অন্ধকারে, কর্মকর্তারা, বনভূমিতে মাটি খুঁড়ে অর্থের বান্ডিল বের করছেন। পরে উদ্ধার করা অর্থের স্তূপ পরীক্ষা করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
‎
‎শুক্রবার (১৩ নভেম্বর), সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানান, উদ্ধার করা অর্থ গণনা করতে কোষাগারের ১২ জন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে।
‎
‎এই বিপুল অর্থ উদ্ধারের ঘটনা সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস শেস্তাককে ঘিরে চলমান দুর্নীতির তদন্তের অংশ। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভিক্টর অরবানের মন্ত্রিসভায় উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
‎
‎তদন্তকারীদের সন্দেহ, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জন্য অতিরিক্ত দামে পুরোনো বাস কেনা এবং বিভিন্ন সরকারি নির্মাণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি থেকে ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ ও অবৈধ কমিশন নিয়েছেন শেস্তাক। গত সেপ্টেম্বরে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
‎
‎এদিকে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বিপুল অর্থ উদ্ধারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তার দাবি, এর মধ্য দিয়ে তথাকথিত ‘ফিদেজ-কেডিএনপি মাফিয়া’ ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে।
‎
‎মাগিয়ারের মধ্য-ডানপন্থি ও ইউরোপপন্থি রাজনৈতিক দল তিসা পার্টি গত এপ্রিলে নির্বাচনে জয়ী হয়ে অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটায়। এর মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়।
‎
‎ফিদেজ হলো অরবানের নেতৃত্বাধীন ডানপন্থি রাজনৈতিক দল। অন্যদিকে, খ্রিষ্টীয় গণতান্ত্রিক পিপলস পার্টি বা কেডিএনপি ছিল তাদের ছোট জোটসঙ্গী এবং সরকার পরিচালনায় অংশীদার। তবে চলমান তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন অরবান। তার দাবি, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই নতুন সরকার এসব তদন্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
‎
‎অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত আরও কয়েকজন সাবেক মন্ত্রীকে পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন হাঙ্গেরির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর জিয়র্গি মাতোলচিও। দেশটির মুদ্রানীতি নির্ধারণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই প্রধানের বিরুদ্ধে একটি ব্যাংক ফাউন্ডেশনের অধীনে থাকা সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তবে মাতোলচিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন।
‎
‎এদিকে, হাঙ্গেরির সংবাদমাধ্যম এইচভিজি-তে চলতি সপ্তাহে প্রকাশিত এক জরিপে দেশটির মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী তদন্তের প্রতি উল্লেখযোগ্য সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে। জরিপটি পরিচালনা করে জনমত গবেষণা প্রতিষ্ঠান মিডিয়ান।
‎
‎জরিপের ফল অনুযায়ী, ৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন, অরবানের শাসনামলে সংঘটিত দুর্নীতির অভিযোগ তদন্ত করা এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সামনে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিগত সরকারের আমলে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা।

মন্তব্য (০)





image

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমত...

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ...

image

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

২

নিউজ ডেস্কঃ পতিতাবৃত্তির দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প...

image

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

৩

নিউজ ডেস্কঃ  ইসরাইলে ক্ষমতা বদলের উত্তপ্ত পরিস্থিতির মা...

image

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধান...

৪

আন্তর্জাতিক ডেস্ক :  জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ...

image

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমা...

৫

নিউজ ডেস্কঃ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা &lsq...

  • company_logo