• লিড নিউজ
  • জাতীয়

‎প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬,৭৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সরকারের উদ্যোগ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা সম্প্রসারণ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করতে প্রায় ৫৬ হাজার ৭৫০ কোটি ৬৪ লাখ টাকার দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
‎
‎২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৯ সালের নভেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য নির্ধারিত প্রকল্প দুটির লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ন ও সংস্কার, চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা সম্প্রসারণ এবং বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
‎
‎বাংলাদেশ পরিকল্পনা কমিশন থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনঃর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ন এবং মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক প্রথম প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ৪৪ হাজার ৭৫৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা।
‎
‎‘বাংলাদেশের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ন এবং মেরামত ও সংস্কার কাজ’— শীর্ষক দ্বিতীয় প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯৯৩ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা।
‎
‎প্রকল্প দুটিই সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। অনুমোদনের আগে বাস্তবায়ন ব্যবস্থা, নির্মাণ ব্যয়, ক্রয় পরিকল্পনা, জনবল চাহিদা এবং পরিবেশগত সুরক্ষাব্যবস্থা আরও গভীরভাবে পর্যালোচনার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
‎
‎বাসসের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে, যেখানে অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবলের ঘাটতি রয়েছে।
‎
‎পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বছরের পর বছর মেরামত বা সংস্কার করা হয়নি।
‎
‎স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে অনেক এলাকার জন্য বিদ্যমান ৩০ শয্যা ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আর মানানসই নয়। কারণ জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোনো কোনো উপজেলায় বর্তমানে এখন ৮ থেকে ১০ লাখ মানুষ বসবাস করছে।
‎
‎তিনি জানান, স্বাস্থ্য খাত পুনর্গঠনের বড় উদ্যোগের অংশ হিসেবে দেশের ৫০৩টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে সকল সুযোগ-সুবিধাসম্পন্ন ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের একটি ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
‎
‎প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও পুনর্নির্মাণ ও সংস্কার করছে। বৃহত্তর সংস্কার কর্মসূচিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে কেন্দ্রে রাখা হয়েছে। এর লক্ষ্য হলো উপজেলা হাসপাতালগুলোতে মাতৃ ও শিশুস্বাস্থ্যসহ সাধারণ ও মাঝারি জটিলতার প্রায় ৮০ শতাংশ রোগের চিকিৎসা নিশ্চিত করা, যাতে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোর ওপর চাপ কমে।
‎
‎উপজেলা হাসপাতালগুলোতে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন
‎
‎প্রকল্পের নথি অনুযায়ী, ৪৪ হাজার ৭৫৭ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত প্রকল্পটি স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) বাস্তবায়ন করবে। আর গণপূর্ত অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণকাজ বাস্তবায়ন করবে।
‎
‎প্রকল্পের আওতায় ৫১ শয্যাবিশিষ্ট ১৮টি, ১০১ শয্যাবিশিষ্ট ৩০৫টি, ১৩২ শয্যাবিশিষ্ট ৮৩টি, ১২০ শয্যাবিশিষ্ট ১৩টি এবং ১৫১ শয্যাবিশিষ্ট ২৪টি উপজেলা হাসপাতাল নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪৪৩টি উপজেলায় সমন্বিত বহুতল সেবাভবন এবং ১৫টি উপজেলায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের জন্য আবাসিক সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
‎
‎প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ ভবন প্রতিস্থাপন, কাঠামোগতভাবে উপযুক্ত ভবনের প্রয়োজনীয় সংস্কার ও বিদ্যমান অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক, সীমানাপ্রাচীর, ফটক, নিরাপত্তাকক্ষ, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বিদ্যুৎ নেটওয়ার্কের উন্নয়নও করা হবে।
‎
‎এসব হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ওয়ান-স্টপ জরুরি সেবা কেন্দ্র, আধুনিক অপারেশন থিয়েটার, মাতৃ ও নবজাতকের সেবা, কিডনি ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা, ক্যানসার স্ক্রিনিং এবং নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবার ব্যবস্থা থাকবে।
‎
‎প্রকল্পটিতে কেন্দ্রীয় মেডিকেল গ্যাস সরবরাহ ব্যবস্থা, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃশোধনাগার, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, সৌরবিদ্যুৎ ও বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে।
‎প্রকল্পটি বাস্তবায়িত হলে, উন্নত অবকাঠামো ও চিকিৎসাসেবা মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতেও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
‎
‎মানুষের দোরগোড়ায় পৌঁছাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা
‎১১ হাজার ৯৯৩ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ের দ্বিতীয় প্রকল্পটিও স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করবে। এ প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
‎প্রকল্পটির আওতায় ১৪ হাজার ৬৩৪টি প্রাথমিক স্বাস্থ্যসেবা হাব ও ১ হাজার ৬৩১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‎হাবগুলোর মধ্যে ৫ হাজার ৯৩৬টি পুনর্নির্মাণ, ৮ হাজার ৩৪৮টি মেরামত বা নবরূপায়ন এবং ৩৫০টি নতুনভাবে নির্মাণ করা হবে।
‎অন্যদিকে, কেন্দ্রগুলোর মধ্যে ৪২৮টি পুনর্নির্মাণ, ৬০৫টি মেরামত বা নবরূপায়ন ও ৫৯৮টি নতুনভাবে নির্মাণ করা হবে।
‎
‎প্রকল্পের আওতায় নতুন বা পুনর্নির্মিত ৬ হাজার ২৮৬টি হাব এবং ১ হাজার ২৬টি কেন্দ্রের জন্য আসবাবপত্র সরবরাহ করা হবে। পাশাপাশি ১ হাজার ২৬টি কেন্দ্রের জন্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে।
‎সহায়ক সুবিধার মধ্যে থাকবে নিরাপদ পানি, বিদ্যুৎ অথবা সৌরবিদ্যুৎ, স্যানিটেশন, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা ও প্রবেশপথ।
‎
‎সম্প্রসারিত এ নেটওয়ার্ক মাতৃ ও শিশুসাস্থ্যসেবা, নারীদের স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা, মৌলিক ল্যাব, ফার্মেসি সেবা এবং উচ্চতর পর্যায়ের হাসপাতালের সঙ্গে রেফারেল সংযোগ জোরদার করবে।
‎
‎স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে, বিদ্যমান ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর পাশাপাশি পর্যায়ক্রমে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে মোট স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে উন্নীত হবে।
‎
‎তিনি আরও বলেন, প্রথম পর্যায়ের ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যেই চলছে। তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে, যাতে তারা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা দিতে পারেন।
‎এসব স্বাস্থ্যকর্মী নিয়মিত বাড়ি বাড়ি যাবেন। অন্তত প্রতি দুই মাসে একবার তারা বাড়ি পরিদর্শন করে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন, যেসব রোগীর আরও চিকিৎসা প্রয়োজন তাদেরকে শনাক্ত করবেন এবং উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করবেন।
‎
‎প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘আমরা শুধু মানুষের দোরগোড়ায় নয়, বরং মানুষের ঘরের ভেতরেই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।’

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১

নিউজ ডেস্কঃ  গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ ...

image

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় ...

২

নিউজ ডেস্কঃ  আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন...

image

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপল...

৩

নিউজ ডেস্কঃ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথ...

image

আসিফ নজরুলের মোবাইল উদ্ধার কার্যক্রম নিয়ে যা বলল এসআরবি

৪

নিউজ ডেস্কঃ স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান-২ এর (এসআরবি) ...

image

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন...

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগ...

  • company_logo