• সমগ্র বাংলা

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার আসামি এখন স্বেচ্ছাসেবক দলনেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : জুলাই আন্দোলনের সময় বগুড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা এক মামলার আসামী এখন বনে গেছেন স্বেচ্ছাসেবক দল নেতা। সদস্য পদ পেয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটিতেও। প্রধানমন্ত্রীর জেলায় এমন ঘটনায় এখন দলটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের পাশাপাশি বগুড়ার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অভিযুক্ত ব্যক্তি হলেন বগুড়া শহরের আটাপাড়ার আবু খালেকের ছেলে মো. ফিরোজ তানভীর। গত বছরের ১৯ ফেব্রুয়ারি ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফিরোজ তানভীরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। যদিও এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর ঘনিষ্ঠ হিসেবেও কাজ করতেন তিনি। এ ছাড়া ভারতে অবস্থানরত বগুড়া জেলা যুবলীগের সাবেক সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।

এমনকি বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার রহমান শান্তর নেতৃত্বাধীন কমিটিতেও ফিরোজ তানভীরের পদ ছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে ১৪ নম্বর আসামি হিসেবে মো. তানভীরের নাম রয়েছে। আটাপাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মামলার ওই মো. তানভীর এবং স্বেচ্ছাসেবক দলের পদ পাওয়া ফিরোজ তানভীর একই ব্যক্তি। তাদের দাবি, দুজনের বাবার নাম ও ঠিকানাও একই। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তৎকালীন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের নেতৃত্বে প্রায় ২'শ থেকে আড়াইশ জন নেতাকর্মী ওই হামলায় অংশ নেন।

হামলাকারীরা বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে ১৩০টি প্লাস্টিকের চেয়ার, আটটি সিলিং ফ্যান, ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, আলমারি, আইপিএস ও ব্যাটারিসহ মোট ১ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। এ সময় কয়েকজন হামলাকারী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

এ ঘটনায় শুভাশিষ পোদ্দার লিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। সেই মামলার ১৪ নম্বর আসামির নামই পরবর্তী সময়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে দলীয় পদ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড যাচাই করা হয়েছিল কি না।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, ‘দেড় বছর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। বিষয়টি তার জানা ছিল না। বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ বলেন, ‘একটি এলাকায় একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারে। নামের মিলের কারণে মামলায় নাম থাকতে পারে।’ তবে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে পদ পাওয়া ব্যক্তি এবং বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার আসামির নাম, বাবার নাম ও ঠিকানা একই এমন তথ্য যাচাই করা হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি খোঁজ নিতে হবে। এ বিষয়ে সভাপতির সঙ্গে পরামর্শ করে
পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফিরোজ তানভীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সব মিলিয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় নাম থাকা এক ব্যক্তির স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্থান পাওয়া নিয়ে দলটির সাংগঠনিক যাচাই-বাছাই প্রক্রিয়া এবং পদ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সচেতন মহলের দাবি, তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পদোন্নতিজনিত বদলিতে পুলিশ কর্মকর্তা খান মোঃ শাহর...

১

পঞ্চগড় প্রতিনিধি: সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি ...

image

শিবচরে চর প্রকল্পের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৬-২৭ অর্থব...

image

পঞ্চগড়ে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন, গণতন্ত্র ও সুশাসন...

৩

পঞ্চগড় প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গ...

image

"রয়্যাল এনফিল্ড"র দেয়নি তাই ঘরে নেয়নি স্ত্রী : যৌতুক মাম...

৪

কক্সবাজার প্রতিনিধি : রয়্যাল এনফিল্ড " র দাবী মিটেনি ত...

image

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম'র মৃত্যু বার্ষিকী উপলক...

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপি'র জাতীয় স্থায়ী ...

  • company_logo