• আন্তর্জাতিক

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের বিএমইএল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ্ঠান বিএমইএল (BEML) টানেল খননের যন্ত্র বা টানেল বোরিং মেশিন (টিবিএম) তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে। দেশটির অবকাঠামো খাতে দ্রুত সম্প্রসারণের ফলে স্থানীয়ভাবে এসব যন্ত্র তৈরির সক্ষমতা গড়ে তোলা এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শান্তনু রায় (ছবিতে) বলেন, শুরুতে মেট্রোরেল, জলবিদ্যুৎ, সেচ ও পানি প্রকল্পে ব্যবহৃত ছোট আকারের টানেল বোরিং মেশিন তৈরিতে মনোযোগ দেবে বিএমইএল। পরে বড় আকারের যন্ত্র তৈরির দিকে এগোবে প্রতিষ্ঠানটি।

চীনের ওপর নির্ভরতা বিশেষ করে আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই উদ্যোগ। পরিবহন ও ভূগর্ভস্থ অবকাঠামো খাতে ব্যয় বাড়ানোর ফলে দক্ষিণ এশিয়ার দেশটি বর্তমানে টানেল খননযন্ত্রের অন্যতম বৃহৎ ব্যবহারকারী।

আরও পড়ুন | প্রযুক্তি খাতে ছাঁটাই বাড়ছে, তবে যেসব দক্ষতা বাড়তি বেতন পেতে সহায়তা করছে

সম্প্রতি চীন নির্মাণ সরঞ্জামের কয়েকটি শ্রেণির রপ্তানির ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে। এতে বিদেশি সরবরাহকারীদের ওপর ভারতের নির্ভরতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। তবে শান্তনু রায় বলেন, বিএমইএলের পরিকল্পনা এর আগেই শুরু হয়েছিল।

রায় বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা পরিকল্পনা নিয়ে প্রস্তুত।’

সামরিক ও খননকাজে ব্যবহৃত যানবাহন এবং রেলগাড়ি তৈরি করে বিএমইএল। টানেল খননযন্ত্র তৈরির উদ্যোগে সহায়তা নিতে এবং শেষ পর্যন্ত স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে।

শুরুতেই সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে জটিল যন্ত্র তৈরির লক্ষ্য না নিয়ে বিএমইএল ৩ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ মিটার ব্যাসের টানেল বোরিং মেশিন তৈরির পরিকল্পনা করেছে। এসব যন্ত্র সাধারণত শহুরে গণপরিবহন ও বিভিন্ন পরিষেবা অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত হয়। বাজারের তুলনামূলক ছোট একটি অংশজুড়ে রয়েছে এই আকারের যন্ত্র।

বুলেট ট্রেন

ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের মুম্বাই অংশে টানেল খননে ব্যবহৃত যন্ত্রগুলোর কাটার হেডের ব্যাস প্রায় ১৩ দশমিক ৬ মিটার। এসব যন্ত্র তৈরি করেছে জার্মানির প্রতিষ্ঠান হেরেনকনেখট এজি (Herrenknecht AG), তাদের চীনের কারখানায়।

শান্তনু রায় বলেন, আমদানি করা যন্ত্রাংশের কিট সংযোজনের পরিবর্তে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্য রয়েছে বিএমইএলের। তিনি বলেন, ‘এটি হবে দেশীয় প্রযুক্তি। মেধাস্বত্বের মালিক হবে ভারত।’

তবে এই উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত বাণিজ্যিকভাবে টেকসই দেশীয় শিল্পে রূপ নেয় কি না, তা এখনো দেখার বিষয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে চীনের সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা ভারত আগেও বারবার করেছে। কিন্তু স্থানীয় উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে যতটা সময় লাগে, শুধু সংযোজন সক্ষমতা গড়ে তুলতে ততটা সময় লাগে না।

বিরল মৃত্তিকা (রেয়ার আর্থ) দিয়ে তৈরি চুম্বক এর সাম্প্রতিক উদাহরণ। বিরল উপাদান ও প্রযুক্তি রপ্তানিতে বেইজিং বিধিনিষেধ আরোপের পর নয়াদিল্লি ৭২৮ কোটি রুপি (৮২ কোটি ডলার) ব্যয়ে একটি কর্মসূচি অনুমোদন করে। এর লক্ষ্য বছরে ৬ হাজার টন স্থায়ী চুম্বক উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা। তবে ভারতের ভারী শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত দেশটি উচ্চক্ষমতাসম্পন্ন সব নিওডিমিয়াম চুম্বক আমদানি করছিল। কারণ, বিরল মৃত্তিকার উপাদানকে ধাতু, সংকর ধাতু ও প্রস্তুত চুম্বকে রূপান্তরের জন্য প্রয়োজনীয় শিল্পপর্যায়ের উৎপাদনকেন্দ্র দেশটিতে ছিল না।

সৌরবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও ভারতের প্রচেষ্টায় একই ধরনের চিত্র দেখা যায়। বিশ্বের বৃহত্তম সৌর মডিউল উৎপাদনশিল্পগুলোর একটি গড়ে তুললেও গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়ের উপকরণ ও সরঞ্জামের জন্য ভারত এখনো ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভরশীল। দেশটির সরকারের নীতিবিষয়ক থিংক ট্যাংক ও বিভিন্ন শিল্প খাতের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

টানেল নির্মাণে বিনিয়োগ

ভারতে ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে টানেল খননযন্ত্রের বাজারও সম্প্রসারিত হবে বলে মনে করছে বিএমইএল। সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি বলেছেন, আগামী পাঁচ বছরে টানেল নির্মাণ প্রকল্পে সর্বোচ্চ ৯৬০ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য রয়েছে ভারতের। একই সঙ্গে নীতিনির্ধারকেরা নির্মাণ সরঞ্জাম দেশেই উৎপাদনে উৎসাহ দিচ্ছেন।

চীনের সঙ্গে ভারতের হিমালয় সীমান্তজুড়ে কৌশলগত সড়ক ও রেল প্রকল্পের কারণেও টানেল খননযন্ত্রের চাহিদা বাড়ছে। দুর্গম ভূপ্রকৃতির কারণে এসব প্রকল্পে প্রায়ই ব্যাপক পরিসরে টানেল নির্মাণের প্রয়োজন হয়।

শান্তনু রায়ের ধারণা, আগামী সাত থেকে আট বছরে ভারতে টানেল বোরিং মেশিনের বাজারে বছরে প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। এই প্রবৃদ্ধির হার বৈশ্বিক বাজারের তুলনায় প্রায় দ্বিগুণ।

তবে বিএমইএলের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, কোনো চুক্তি পাওয়ার পর প্রথম যন্ত্র সরবরাহ করতে প্রায় ২২ মাস সময় লাগবে।

মন্তব্য (০)





image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

১

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

২

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৪

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

image

প্রস্তুত বহু যুদ্ধবিমান, ইয়েমেনে কী করতে চাচ্ছে মিসর?

৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে কয়েক মাস আগেই দেশটিতে সে...

  • company_logo