• জাতীয়

ঢাকার-৮ এলাকায় বায়ুদূষণ পর্যবেক্ষণে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্প শুরু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুবিধাবঞ্চিত ও উপেক্ষিত জনগোষ্ঠীর এলাকায় বায়ুমানের তথ্য সহজলভ্য করার লক্ষ্যে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্পের ইনসেপশন সভা করেছেন অভিযাত্রিক ফাউন্ডেশন। এ সভায় জানানো হয়, রাজধানী ঢাকার আটটি নিম্ন আয়ের, শিল্পঘেঁষা ও বায়ুদূষণ ঝুঁকিপূর্ণ এলাকায় বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবনে প্রকল্পটির ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ শিকাগো-এর এনার্জি পলিসি ইনস্টিটিউট এর এয়ার কোয়ালিটি ফান্ড ২০২৬-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

‘ব্রিদিং ঢাকা’ প্রকল্পের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার বায়ুমানের তথ্য সংগ্রহ ও উন্মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি বায়ুদূষণের স্থানীয় চিত্র আরও স্পষ্টভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগৃহীত তথ্য ভবিষ্যতে বায়ুদূষণ পর্যবেক্ষণ, পরিবেশগত গবেষণা ও তথ্যভিত্তিক নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর সবসময় বাংলাদেশের পরিবেশ নিয়ে কাজ করছে। অভিযাত্রিক ফাউন্ডেশনের এ উদ্যোগ ঢাকার বায়ুমান পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ যেন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা থেকে বেরিয়ে আসতে পারে, সেই আশা ব্যক্ত করেন তিনি।

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি বলেন, অভিযাত্রিক ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। বায়ুদূষণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন এই জনগোষ্ঠী। ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্পের মাধ্যমে বায়ুমান পর্যবেক্ষণের পাশাপাশি সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে কাজ করা হবে। নীতিমালা প্রণয়ন ও সামাজিক আচরণ পরিবর্তনমূলক সচেতনতা কার্যক্রমের মাধ্যমে উপেক্ষিত জনগোষ্ঠীর বায়ুদূষণজনিত ঝুঁকি কমানোর চেষ্টা করা হবে।

 

 

মন্তব্য (০)





  • company_logo