মাদারীপুর প্রতিনিধি: প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বাড়াতে মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) উদ্যোগে পদ্মাসেতু বাধ এলাকায় প্লাস্টিক দূষণ সচেতনতা এবং পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছ। এ অভিযানের মূল লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং টেকসই অভ্যাস গড়ে তোলার জন্য উৎসাহিত করা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
জানা গেছে, পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় দর্শনার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের প্যাকেটসহ নানা বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। এসব অপচনশীল বর্জ্য নদী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করছে। এ পরিস্থিতিতে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যেই এ অভিযানের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ও আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহের পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলা ও প্লাস্টিকের ব্যবহার কমাতে মানুষকে সচেতন করেন।
এ সময় মাদবরেরচর ইউপি প্যানেল চেয়ারম্যান হলেন সুলতানা ফেরদৌসী, আমজাদ মুন্সি, দেশ সংগঠনের সাধারণ সম্পাদক এসএম দেলোয়ার হোসাইন, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মাসুদ রানা, শহিদুল ইসলাম, আমেনা আক্তার, কোষাধ্যক্ষ মো. শামীম, হামিদুর, লামিয়া আক্তার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবীসহ গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেন।
সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তাই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। পরিবেশ সুরক্ষায় দেশ সংগঠনের এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। নাগরিক হিসেবে প্রত্যেকে দায়িত্ব যথাযথভাবে পালন করলে পরিচ্ছন্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রতি শনিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে শিবচরে প্রথমবারের মতো দেশ (DESH) সংগঠন এগিয়ে এসেছে। এ জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানাই। অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও এ ধরনের উদ্যোগ নিয়ে আমাকে আমন্ত্রণ জানালে আমি তাদের পাশে থাকব।
অংশগ্রহণকারী ও আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধ, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তোলার বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার করার ওপর তাঁরা গুরুত্ব দেন।
মন্তব্য (০)