• আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শান্তির জন্য এমন উদ্যোগ নিয়েও নোবেল পুরস্কার না পাওয়ায় আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প এ দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঠেকাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার দাবি, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সীমান্ত সংঘাত বড় আকার ধারণ করার আগেই তিনি হস্তক্ষেপ করেন। এ সময় দুই দেশের ওপর সর্বোচ্চ ২৫০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি।

এ সময় তিনি আবারও বলেন, আটটি ‘যুদ্ধ’ থামিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আপনি ভারত ও পাকিস্তানকে থামিয়েছেন। দুটি পারমাণবিক শক্তিধর দেশ, আপনি তাদের থামিয়েছেন। এ ক্ষেত্রে আমি বাণিজ্যকে কাজে লাগিয়েছি। আমি বলেছিলাম, তোমরা যদি এমনটা করো, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবে না এবং বিপুল অর্থ উপার্জনও করতে পারবে না। আমি তোমাদের উভয়ের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করব, যাতে তোমরা কোনো ব্যবসাই করতে না পারো।’

তিনি আরও বলেন, ‘তারা খুব বিরক্ত হয়েছিল, প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। এরপর তারা গুলি চালানো বন্ধ করে দেয় এবং যুদ্ধ শেষ হয়ে যায়।’

এ সময় নিজের কথিত কূটনৈতিক সাফল্যের জন্য নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আবারও হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।’

গত বছর ভয়াবহ পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত বন্ধে ভূমিকা রাখার দাবি বারবার করে আসছেন ট্রাম্প। তবে এ সংঘাত বন্ধে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের বিষয়টি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে নয়াদিল্লি।

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য (০)





  • company_logo