• খেলাধুলা

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি: ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। 

তিনি বিভিন্ন সরকারি কাজে ব্যস্ততার মধ্যেও ভোরবেলা মাঠে গিয়ে স্থানীয় তরুণদের সঙ্গে ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় অংশ নিচ্ছেন। তাঁর এমন উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোরবেলায় ফুটবল ও ব্যাডমিন্টন খেলার একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক ব্যস্ততার বাইরে গিয়ে সাধারণ খেলোয়াড়দের সঙ্গে মাঠে তাঁর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে ক্রীড়াপ্রেমী ও নেটিজেনদের। অনেকেই মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ তরুণদের মাঠমুখী করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকদের মতে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ কেবল প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না। নিজ এলাকায় সময় পেলেই ভোরে মাঠে উপস্থিত হয়ে স্থানীয় তরুণ ও অপেশাদার খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করে তোলার জন্য খেলোয়াড়দের উৎসাহিত করছেন।

সাবেক ক্রীড়াবিদরা পঞ্চগড়ের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন । নব্বইয়ের দশকে বোদা ক্রীড়া সংস্থার কয়েকবারের শ্রেষ্ঠ খেলোয়াড় হাসানুজ্জামান লাতু জেলার ক্রীড়াঙ্গনের সোনালি অতীত স্মরণ করে বলেন, “পঞ্চগড় জেলা একসময় খেলাধুলায় ইতিহাস সৃষ্টি করেছিল। এ এলাকার অনেক কৃতী খেলোয়াড় ঢাকা লিগ ও দ্বিতীয় বিভাগে সাফল্যের সঙ্গে খেলেছেন। কিন্তু মাঝখানে অনেক বছর আমরা খেলাধুলায় পিছিয়ে পড়েছি। এই অবস্থা থেকে উত্তরণে মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী নিজেই ভোরবেলা মাঠে উপস্থিত হয়ে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং প্রশাসনিক উদ্যোগ নিচ্ছেন। 

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, “মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং তাদের শারীরিকভাবে সুস্থ রাখতে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কারণ তিনি শত ব্যস্ততার মধ্যেও হঠাৎ ভোরবেলা খেলোয়াড়দের অনুশীলনে অংশ নিতে তাঁর সরাসরি মাঠে উপস্থিত হওয়া তরুণ খেলোয়াড়দের মধ্যে একধরনের উদ্দীপনা তৈরি করেছে। 

স্থানীয় সচেতন মহল ও ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, প্রতিমন্ত্রীর এই উদ্যোগ ধারাবাহিকতা পেলে পঞ্চগড়ের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। একই সঙ্গে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়বে, বিকশিত হবে নতুন প্রতিভা এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে।

মন্তব্য (০)





  • company_logo