• রাজনীতি

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার মাদক নির্মূলের কাজে হাত দিতে চান। সেকারণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ কার্যক্রম এগিয়ে নিতে একটি সংগঠন গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) বেলার ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে একথা জানান তিনি। ইশরাক হোসেন লেখেন, ‌‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

তিনি লেখেন, ‘এই লক্ষ্য অর্জনে কাজ করার পাশাপাশি আমরা চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিও প্রতিরোধের আওতায় আনতে পারব। আমরা থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব। কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

সোমবার (১৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইশরাক হোসেন। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এসময় তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

মন্তব্য (০)





  • company_logo