• খেলাধুলা

কবে অবসর নেবেন, জানিয়ে দিলেন সিকান্দার রাজা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে চান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ২০২৭ সালে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগকে জীবনের বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন ৪০ বছর বয়সি এই অলরাউন্ডার। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া তার জন্য আশীর্বাদের মতো, এমনটাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ‘সিক্সআর’ নামের একটি মোবাইল ক্রিকেট গেমের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান রাজা। তিনি বলেন, বিশ্বকাপ খেলে ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখেন অনেক ক্রিকেটার। তার ক্যারিয়ারও এখন শেষের দিকে। এমন সময়ে দেশের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাওয়াটা তার কাছে বিশেষ সম্মানের।

রাজার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, ২০২৭ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। একই সঙ্গে বিশ্ববাসীর সামনে আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস ও স্থানীয় সংস্কৃতি তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। বিশেষ করে জিম্বাবুয়ের আতিথেয়তা ও পরিবেশের অভিজ্ঞতা পর্যটক ও ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে বলে বিশ্বাস তার।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের লিগ পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে হারারে, বুলাওয়ে এবং ভিক্টোরিয়া ফলসের নতুন ভেন্যুতে। মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামের এই মাঠে ভারত ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে সুপার সেভেন পর্বের তিনটি ম্যাচ আয়োজনের কথাও রয়েছে।

বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর বিষয়ে আশাবাদী হলেও বিষয়টি সহজ হবে না বলে মনে করেন রাজা। তার মতে, আইসিসির টুর্নামেন্টে পিচ প্রস্তুতিসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা থাকায় স্বাগতিকদের পছন্দমতো সবকিছু করা সম্ভব হয় না। তবে নিয়মের মধ্যে থেকে যতটা সম্ভব সুবিধা নেওয়ার চেষ্টা করবে জিম্বাবুয়ে।

নতুন স্টেডিয়ামটি নিয়েও বেশ উচ্ছ্বসিত রাজা। ভিক্টোরিয়া ফলসের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বকাপে আগত দর্শকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করেন তিনি। জলপ্রপাতের শব্দ, মনোমুগ্ধকর সূর্যাস্ত এবং স্থানীয় মানুষের আন্তরিক আতিথেয়তা পর্যটকদের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরি করবে বলেও আশা তার।

এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার পক্ষেও মত দিয়েছেন রাজা। আগামী চক্রে টুর্নামেন্টে দলের সংখ্যা ১২-তে উন্নীত হলে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের খেলার সুযোগ তৈরি হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গও সম্প্রতি এ ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেলে জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নতি ত্বরান্বিত হবে বলে বিশ্বাস রাজার। তার মতে, শুরুতে দল ভালো ফল না পেলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ সব সংস্করণেই পারফরম্যান্স বাড়াতে সহায়তা করবে। তাই এমন সিদ্ধান্ত হলে তিনি প্রথম সারিতেই এর সমর্থনে থাকবেন।

তবে অবসরের পর আর ক্রিকেটে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজা। তার ভাষ্য, সিদ্ধান্ত নেওয়ার পর তা থেকে সরে আসার মানুষ তিনি নন। অবসর ঘোষণার পর আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার চিন্তাও তার নেই।

এদিকে, সিক্সআর গেমটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ২০ জনের বেশি আন্তর্জাতিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন লোকেশ রাহুল, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও এউইন মরগানের মতো তারকারা। গেমটির মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারদের বিপক্ষে সরাসরি খেলার সুযোগ পাবেন।

মন্তব্য (০)





  • company_logo