ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে এসএসডিআর ফাউন্ডেশন ও এসএসডিআরএফ হিলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টারের যৌথ উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান আজাদ অডিটোরিয়ামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “মনের কথা বলুন, মানসিক সুস্থতা গড়ে তুলুন” (Breaking the Silence, Building Mental Wellbeing) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক সংকট নিয়ে খোলামেলা কথা বলা এবং প্রয়োজনের সময় সহায়তা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (WHO-1) জনাব মোঃ মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, “দৈনন্দিন কাজের চাপ ও সামাজিক প্রতিকূলতার কারণে আমরা অনেক সময় নিজেদের অনুভূতিগুলো চেপে রাখি। কিন্তু মানসিক স্বাস্থ্য রক্ষায় বিচারহীনভাবে কথা বলা ও শোনার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।”
বিশেষ অতিথি জনাব মোঃ মামুনুর রশীদ বলেন, “মানসিক স্বাস্থ্য সামগ্রিক সুস্থতার একটি অবিচ্ছেদ্য অংশ। মানসিক স্বাস্থ্য নিয়ে নীরবতা, ভয় ও সামাজিক stigma দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানসিক সংকটে থাকা মানুষের প্রতি সহমর্মী হওয়া, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা গ্রহণে উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব।”
সেমিনারে এসএসডিআর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মো. সাইফুল ইসলাম সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, তরুণ সমাজ ও কর্মজীবী মানুষের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি ক্রমেই গুরুত্ব পাচ্ছে। তবে যথাযথ দিকনির্দেশনা ও সহায়তার অভাবে অনেকেই সময়মতো কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারেন না।
অনুষ্ঠানে এসএসডিআর ফাউন্ডেশন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রকল্পের রোডম্যাপ তুলে ধরে। মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য ও টেকসই করার লক্ষ্যে সংস্থাটি ১০০ মিলিয়ন টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি প্রকল্পের আওতায় “এসএসডিআরএফ হিলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার” গড়ে তোলার উদ্যোগের কথা জানায়।
মুক্ত আলোচনা ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়। আয়োজকেরা মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে এবং সহমর্মিতাপূর্ণ, বিচারহীন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদকঃ আজ ( শনিবার) জাতীয় সংসদ সচিবালয় মেডিক...
নিউজ ডেস্ক : দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আর...
নিউজ ডেস্ক : হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের ম...
নিউজ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ...

মন্তব্য (০)