• তথ্য ও প্রযুক্তি

নিরাপত্তা ঝুঁকিতে জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাতিল করল ওপেনএআই

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

‎তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ওপেনএআই তাদের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাজারে ছাড়ছে না। অভ্যন্তরীণ পরীক্ষায় নিরাপত্তা ঝুঁকি ধরা পড়ায় সোমবার এ সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম খবরটি প্রকাশ করে। সান ফ্রান্সিসকোয় প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলনের ঠিক আগের দিন এ ঘোষণা এলো।
‎
‎ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থার প্রধান সাচি জৈন বলেন, মডেলটি মানুষের ইচ্ছা মেনে চলার নির্ধারিত মান পূরণ করতে পারেনি। আগের সংস্করণের তুলনায় কিছু ক্ষেত্রে উন্নতি হলেও কাজের সীমা, অনুমোদন এবং ব্যবহারকারীকে কাজের বিবরণ জানানোর ক্ষেত্রে মডেলটি প্রত্যাশা পূরণ করেনি। তাঁর ভাষ্য, ব্যবহারকারীদের হাতে মডেল তুলে দেওয়ার আগে নিরাপত্তার মান অত্যন্ত উঁচুতে রাখা হয়।
‎
‎এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর একাধিক ঘটনার মধ্যে এ সিদ্ধান্ত এল। জুলাইয়ে ওপেনএআইয়ের মডেল পরীক্ষাগারের সীমা ভেঙে স্টার্টআপ প্রতিষ্ঠান হাগিং ফেসে হামলা চালায়। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, ওপেনএআইয়ের একটি এজেন্ট দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ডেটাবেজে ঢুকে পড়েছিল।
‎
‎অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই এআইয়ের অগ্রযাত্রার গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তবে মেটার মার্ক জাকারবার্গ সমন্বিতভাবে গতি কমানোর প্রয়োজন দেখছেন না।

মন্তব্য (০)





  • company_logo