• আন্তর্জাতিক

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় কর্মীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর হতাহতের এ ঘটনা ঘটে।

এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে। একই সঙ্গে আহত অন্যদের দ্রুত সুস্থতা কামনা করছে।’

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশসীমায় ইরানের ‘ড্রোন’ মোকাবিলার সময় ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হন।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএর তথ্য অনুযায়ী, নিহত দুই ইতালীয় জার্মান অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।

কুয়েত কর্তৃপক্ষ হামলার লক্ষ্যবস্তু হিসেবে একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’র কথা বললেও সেটির নাম বা অবস্থান প্রকাশ করেনি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই প্রযুক্তিবিদ কুয়েতে রাইনমেটালের একটি কাজের প্রকল্পে নিয়োজিত ছিলেন। তারা ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে কাজ করছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন। সূত্র: আল জাজিরা

মন্তব্য (০)





  • company_logo