ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড। প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দৈনিক বৈশ্বিক ভূপৃষ্ঠের তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াসে।
বুধবার(২৫ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণতা আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিষেবার জলবায়ু কৌশল বিভাগের প্রধান সামান্থা বার্জেস বলেন, কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দৈনিক তাপমাত্রায় ওঠানামা থাকলেও বর্তমান পরিস্থিতি পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতার স্পষ্ট ইঙ্গিত।
এর আগে ২০২৩ সালের নভেম্বর ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র দুবার দৈনিক বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। তবে এবার টানা ছয় দিন ধরে এই মাত্রা বজায় রয়েছে।
জলবায়ু গবেষকদের মতে, মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর পাশাপাশি শক্তিশালী এল নিনো পরিস্থিতি তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এর প্রভাবে ইন্দোনেশিয়া ও আমাজনের মতো গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে খরা ও দাবানলের ঝুঁকি বাড়ছে।
এদিকে খরার কারণে বনাঞ্চলের গাছপালা কম সক্রিয় হয়ে পড়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের ক্ষমতাও কমছে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর থেকে আগামী বছর পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার চেষ্টা এবং ২ ডিগ্রির অনেক নিচে রাখার অঙ্গীকার করেছিল প্রায় ২০০টি দেশ। তবে সাম্প্রতিক তাপমাত্রার রেকর্ড সেই লক্ষ্য অর্জন নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিজ্ঞানীরা অবশ্য সতর্ক করেছেন, কয়েক দিনের তাপমাত্রা বৃদ্ধি দিয়ে প্যারিস চুক্তির দীর্ঘমেয়াদি সীমা অতিক্রম হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
তাপমাত্রা বৃদ্ধির প্রভাব ইতিমধ্যে মানুষের জীবন ও অবকাঠামোয় পড়তে শুরু করেছে। চলতি বছরের রেকর্ড গরমে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যে মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম মোকাবিলায় একদিকে অবকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থাকে প্রস্তুত করতে হবে, অন্যদিকে দ্রুত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে। তা না হলে খাদ্য ও পানির সরবরাহ, মানুষের স্বাস্থ্য এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র আরও বড় ঝুঁকির মুখে পড়বে।
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্য...
নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অ...
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে...
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

মন্তব্য (০)